চট্টগ্রাম অফিস ও বাঁশখালী প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৪:৩৪ পিএম
বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে খালেদা জিয়ার সাজে এক শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লাখো মানুষের ঢল, মাথার ওপর সারি সারি ছাতা, চারদিকে স্লোগানের কোলাহল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে বাঁশখালীর সাগরপাড়ে যখন জনসমুদ্র উপচে পড়ছে, ঠিক তখনই সবার দৃষ্টি কেড়ে নিল ভিন্ন এক দৃশ্য।
রঙিন কাপড়ে সাজানো একটি পালকিতে বসে আছে ছোট্ট একটি মেয়ে। চোখে কালো চশমা, পরনে সাদা-লাল শাড়ি, ঠিক যেন বড়দের মতো সাজে সেজেছে সে। জনতার মাথার ওপর দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। চারপাশে উৎসুক মানুষের মোবাইল ক্যামেরা।
স্থানীয়দের কাছে জানা যায়, এই খুদে শিশুটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন ছোট্ট ভক্ত। মা-বাবার হাত ধরে সে এসেছিল বাঁশখালীর এই জনসভায়। কিন্তু ভিড়ের চাপে হাঁটাচলা কঠিন হয়ে পড়ায় স্থানীয়রাই তাকে তুলে দেন সুসজ্জিত এই পালকিতে। যাতে জনতার ভিড়ে হারিয়ে না যায় শিশুটি। আবার প্রিয় নেত্রীর প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশও থাকে অটুট।
সাগরের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে যখন জনসমুদ্র উত্তাল। তখন এই খুদে ভক্তের দৃশ্য যেন এক টুকরো মুগ্ধতা ছড়িয়ে দেয় গোটা সমাবেশস্থলে। হাত নেড়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিতে বসে থাকা শিশুটির ছবি মুহূর্তেই ক্যামেরাবন্দি করেন উপস্থিত অনেকে। কেউ কেউ ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
স্থানীয় এক প্রবীণ বলেন, “রাজনীতি অনেক জটিল বিষয়। কিন্তু এই শিশুটির সরলতা আর ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয়, নেতা-নেত্রীর প্রতি মানুষের আবেগ কতটা গভীর হতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তা বহমান।”
বাঁশখালীর সেই সমুদ্রপাড়ে যখন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছিল বড়দের উচ্ছ্বাস, ঠিক তখনই এই খুদে ভক্তের নিষ্পাপ উপস্থিতি যেন হয়ে ওঠে দিনের অন্যতম আলোচিত এক মুহূর্ত। যেখানে রাজনীতির ভিড়েও এক শিশুর সারল্য কেড়ে নিল হাজারো মানুষের মন।