× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসাভাড়া নেন, রাত কাটান অফিসে

অনিয়েমের স্বর্গরাজ্য খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:২৯ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৩:৩১ পিএম

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুলুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুলুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারের কাছ থেকে মাসে ২৮ হাজার ৪৮০ টাকা বাসাভাড়া নেন। অথচ রাত কাটান অফিসের লাইব্রেরিতে। নিয়মিত অফিসেও থাকেন না।

অভিযোগ রয়েছে, সপ্তাহে মাত্র দুই-তিন দিন খুলনায় অবস্থান করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুলুল হক। তার বিরুদ্ধে জেলা কার্যালয় থেকে আসা পরিবেশগত ছাড়পত্রের নথি যাচাই-বাছাইয়ে নিয়মবহির্ভূতভাবে পরিদর্শককে দায়িত্ব দেওয়া, উদ্যোক্তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া এবং পছন্দের কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, পরিচালক নিজেই খুলনা বিভাগীয় কার্যালয়কে অনিয়মের আখড়ায় পরিণত করেছেন। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের একটি কপি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, চতুর্থ গ্রেডের কর্মকর্তা ও বিভাগীয় কার্যালয়ের প্রধান হলেও তিনি নিয়মিত অফিস করেন না। সাধারণত রবিবার বিকেলে খুলনায় আসেন এবং বুধবার অফিস শেষে চলে যান। সপ্তাহের মধ্যে এক বা দুই দিন ছুটি থাকলে ওই সপ্তাহে আর অফিসে আসেন না। এমনকি ঈদের ছুটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।

অভিযোগ অনুযায়ী, ১১ মার্চ অফিস ত্যাগ করে তিনি খুলনায় ফেরেন ৫ এপ্রিল। ঈদের ছুটি এক সপ্তাহ হলেও তিনি প্রায় তিন সপ্তাহ ছুটি ভোগ করেন।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জেলা কার্যালয়গুলোর কার্যক্রম তদারক করা। একই সঙ্গে জেলা কার্যালয় থেকে আসা নথি যাচাই-বাছাই করে পরিবেশগত ছাড়পত্রের অনুমোদন দেওয়াও এ কার্যালয়ের দায়িত্ব।

এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রয়েছে নির্ধারিত কমিটি। কমিটির আহ্বায়ক পরিচালক। উপপরিচালক (ছাড়পত্র) সদস্যসচিব এবং বিভাগ ও জেলা পর্যায়ের উপপরিচালকেরা সদস্য। নিয়ম অনুযায়ী, জেলা কার্যালয় থেকে আসা আবেদন বা নথি পরিচালক বরাবর গেলে তা যাচাই-বাছাইয়ের জন্য সদস্যসচিবের কাছে দেওয়ার কথা। সদস্যসচিব প্রতিটি নথি যাচাই করে কার্যপত্র প্রস্তুত করে সভায় উপস্থাপন করবেন। সভায় অনুমোদিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র পাবে। তবে খুলনা বিভাগীয় কার্যালয়ে এ প্রক্রিয়া ভিন্নভাবে চলছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, কমিটির সদস্যসচিব উপপরিচালক (ছাড়পত্র) আসিফুর রহমান কোনো ফাইল ধরে দেখেন না। পরিচালক তার পছন্দের পরিদর্শক রাজিব বাইনকে দিয়ে জেলা থেকে আসা নথি যাচাই-বাছাই করান। অথচ ছাড়পত্রসংক্রান্ত কমিটিতে পরিদর্শক রাজিব বাইন কোনো সদস্য নন।

অভিযোগ রয়েছে, জেলা থেকে আসা ফাইল যাচাই-বাছাইয়ের পাশাপাশি রাজিব বাইন জেলা কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ আদায় করেন। নথি থেকে উদ্যোক্তাদের ফোন নম্বর সংগ্রহ করে তাদের ডেকে পাঠানো হয়। যেসব উদ্যোক্তা তার ডাকে সাড়া দেন না, তাদের ফাইলে আপত্তি দেওয়া হয়। পরিচালক ও তার পছন্দের পরিদর্শক রাজিব বাইন মিলে ছাড়পত্রসংক্রান্ত দুর্নীতি ও হয়রানির কাজটি করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা কর্মকর্তা বলেন, জেলা থেকে একজন সহকারী পরিচালক (এডি) বা উপপরিচালক (ডিডি) যে ফাইল পাঠান, সেটি একজন পরিদর্শক যাচাই-বাছাই করবেন বা খবরদারি করবেন, এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, কোনোভাবে ছাড়পত্রসংক্রান্ত কমিটিতে কোনো প্রকল্প বা ফাইল অনুমোদন পেলেও অনেক ক্ষেত্রে অনলাইনে অনুমোদন হয় না। এ ধরনের অসংখ্য নথি রয়েছে, যেখানে নোট বা কাগজপত্রে অনুমোদন দেওয়া হলেও অনলাইনে অনুমোদন না হওয়ায় উদ্যোক্তারা ছাড়পত্র পাচ্ছেন না। আবার সভায় অনুমোদিত বিষয় পরবর্তী সময়ে নাকচ হওয়ার নজিরও রয়েছে।

তার ভাষ্য, সভায় অন্য সদস্যরা কার্যত পুতুলের মতো। পরিচালকের ওপর কথা বলার সাহস কারও নেই।

তবে পরিদর্শক রাজিব বাইন এসব অভিযোগের বিষয়ে বলেন, পরিচালক স্যার অফিসের লাইব্রেরিতে থাকেন কিনা, এ বিষয়ে স্যারের সঙ্গে কথা বললে ভালো হয়।

ফাইল যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, কোনো ফাইল এলে সেটি উপপরিচালক (গবেষণাগার) স্যারের কাছে যায়। সেখান থেকে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার টেবিলে পৌঁছে দেন তিনি।

পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন জেলা কার্যালয়ের প্রধানদের কাছে স্থানীয় বিলের টাটকা মাছ, গুড়, মধু এমনকি নগদ টাকা চাওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, যেসব কর্মকর্তা তার চাহিদা পূরণ করতে পারেন, তারা পরিচালকের গুড বুকে থাকেন। আর যারা তা পারেন না, তাদের পড়তে হয় নানা বিপাকে।

পরিচালকের বিরুদ্ধে আরও অভিযোগ, বাসাভাড়া বাবদ প্রতি মাসে ২৮ হাজার ৪৮০ টাকা সরকারি সুবিধা নিলেও তিনি থাকেন পরিবেশ অধিদপ্তরের লাইব্রেরিতে। একজন উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষেত্রে এভাবে অফিসে রাতযাপন কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, অফিসে থাকলে শিল্প উদ্যোক্তাদের অফিস সময়ের বাইরে ডেকে এনে তাদের কাছ থেকে নানা ধরনের উৎকোচ গ্রহণ করা সহজ হয়।

খোন্দকার মো. ফজলুলুল হক গত বছরের ১১ ডিসেম্বর খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে যোগ দেন।

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, বিভাগীয় কার্যালয়ে তাদের পাঠানো নথিপত্র যাচাই-বাছাই ও পরিবেশগত ছাড়পত্রের কাজ উপপরিচালক বা সহকারী পরিচালক যাকে খুশি তাকে দিয়ে করাতে পারেন।

পরিদর্শক রাজিব বাইন এ কাজ করেন কিনা এ বিষয়ে তিনি বলতে পারেননি। এ নিয়ে জেলা অফিসের ক্ষোভ থাকার কথাও তিনি অস্বীকার করেন।

উপপরিচালক (ছাড়পত্র) আসিফুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অভিযোগ রয়েছে, পদোন্নতি না হওয়ায় নিরাপদে থাকার জন্য তিনি এ পদটি বেছে নিয়েছেন। নিজে সৎ কর্মকর্তা হলেও পরিচালকের ছাড়পত্রসংক্রান্ত দুর্নীতি মেনে নিয়েছেন এবং নিজে উপস্থিত না থাকলেও অবাধে সই করে এসব অনিয়মকে বৈধতা দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা একই কর্মস্থলে কীভাবে প্রায় পাঁচ বছর অবস্থান করছেন, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসিফুর রহমান একজন ম্যাজিস্ট্রেট হলেও চলতি সময়ে তিনি কোনো মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কিনা, তা কেউ বলতে পারেননি।

তবে এসব অভিযোগের বিষয়ে আসিফুর রহমান বলেন, পরিচালক ঠিকমতো অফিস করেন কিনা, সে বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে পরিদর্শক রাজিব বাইন নিয়মের বাইরে গিয়ে নথিপত্র যাচাই-বাছাই করছেন, এটা ঠিক নয়।

উপপরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলামের বিরুদ্ধেও নিয়মিত অফিস না করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি মাসে দুবার খুলনায় আসেন এবং তিন থেকে চার দিন অফিস করে চলে যান। তবে সিরাজুল ইসলাম বলেন, আমি নিয়মিত অফিস করি। তবে অধিকাংশ সময় প্রশিক্ষণে থাকি।

উপপরিচালক (এনফোর্সমেন্ট ও মনিটরিং) সরদার শরীফুল ইসলামের বিরুদ্ধেও নানা আলোচনা রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, কক্সবাজারের পাহাড় কাটার সঙ্গে জড়িতরা তাকে বাঘের মতো ভয় পায়। পরিবেশ অধিদপ্তরের হয়ে সর্বোচ্চ সংখ্যক মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাদের একজন তিনি।

সরদার শরীফুল ইসলাম বলেন, এনফোর্সমেন্ট ও মনিটরিংয়ের কাজ করতে হলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে কাজ করতে সুবিধা হয়।

উপপরিচালক (গবেষণাগার) মিহির লাল সরদারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি সময় কাটাতে অফিসে আসেন। তার সময়ে গবেষণাগারে তেমন কোনো উন্নতি হয়নি। বিগত সরকারের আমলে তার অবস্থানও বিতর্কিত ছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সব অভিযোগের বিষয়ে জানতে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাঝেমধ্যে অফিসে থাকি।

অফিসের লাইব্রেরিতে রাতযাপন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কোনো নৈশপ্রহরী নেই। রাতে মানুষজন থাকলে চোরের উপদ্রব হয় না। অফিসের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়।

তবে বাসাভাড়া বাবদ প্রতি মাসে ২৮ হাজার ৪৮০ টাকা নেওয়ার পরও অফিসের লাইব্রেরিতে রাতযাপন, নির্ধারিত কমিটির বাইরে পরিদর্শক রাজিব বাইনকে দিয়ে ছাড়পত্রের নথি যাচাই-বাছাই, উদ্যোক্তাদের কাছ থেকে মাছ, গুড়, মধু ও নগদ টাকা চাওয়াসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

পরে ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

একজন বিভাগীয় কার্যালয়ের প্রধানের নিয়মিত অফিসে উপস্থিতি, বাসাভাড়া বাবদ সরকারি অর্থ গ্রহণের পর অফিসের লাইব্রেরিতে রাতযাপন এবং পরিবেশগত ছাড়পত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত কমিটির বাইরে একজন পরিদর্শকের ভূমিকা, এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা