× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নের পথে উপকূলের পানখালী

আগামীকাল এসডিজি ভিলেজের উদ্বোধন, অপেক্ষায় গ্রামবাসী

খুলনা অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:১০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৩:১৪ পিএম

খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে আগামীকাল ‘এসডিজি ভিলেজ’ এর উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে আগামীকাল ‘এসডিজি ভিলেজ’ এর উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বহুদিনের অবকাঠামোগত সংকট, জলবায়ু ঝুঁকি আর সীমিত নাগরিক সুবিধার মধ্যে বসবাস করা খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের মানুষের সামনে এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। 

আগামীকাল সোমবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে পানখালী গ্রাম আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এ ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের তিনটি গ্রামকে পরীক্ষামূলকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রাম, রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। কাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনটি গ্রামের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দাকোপ উপজেলা ইউএনও বোরহান উদ্দিন মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে পানখালী গ্রামকে একটি আধুনিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনকে সামনে রেখে প্রশাসনের তৎপরতাও বেড়েছে। সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন গ্রামটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে জেলা প্রশাসক হুরে জান্নাত ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলামও পানখালী গ্রাম পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

গ্রামবাসীর প্রত্যাশা, এসডিজি ভিলেজ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের নানা সমস্যা দূর হবে। কৃষক মাহবুবুর রহমান, অরবিন্দ মণ্ডল, জেলে পরিমল রায়, দিনমজুর আব্দুর রশিদ গাজী ও গ্রাম্য চিকিৎসক মহিদুল শেখ বলেন, তাদের গ্রামের উন্নয়নের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষির আধুনিকায়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে পানখালীর মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তারা আশা করছেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান বলেন, পানখালীকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলার মাধ্যমে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এটি দেশের অন্যান্য গ্রামের জন্যও একটি অনুসরণযোগ্য উন্নয়ন মডেল হতে পারে।

পানখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শহিদুল ইসলাম বলেন, গ্রামবাসী কখনো কল্পনা করেননি যে তাদের গ্রাম জাতীয় পর্যায়ের এমন একটি উন্নয়ন উদ্যোগের অংশ হবে। উদ্বোধনের অপেক্ষায় এখন পুরো গ্রাম আনন্দ-উচ্ছ্বাসে মুখর।

পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ড

বাড়ানোর মাধ্যমে পানখালী একটি আধুনিক ও টেকসই গ্রামে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা