খুলনা অফিস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১২:৫৫ পিএম
খুলনার তেলিগাতী বাইপাস সড়কে আরএফএলের পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার তেলিগাতী বাইপাস সড়কে আরএফএলের পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।
কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের সড়কে রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালক মো. আনিসুল হক ও ডেলিভারিম্যান হৃদয়কে আটক করেছে পুলিশ।
নিহত বিষে ম্যালোর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার
সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা ঘাট এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে আড়ংঘাটা বাইপাসের মাছের আড়ত
থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালিয়ে আফিল গেটের দিকে যাচ্ছিলেন বিষে ম্যালো। একই
সময়ে পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএলের একটি পিকআপ (ঢাকা
মেট্রো-অ-১১-৩৭৬৫) মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল।
ঘটনাস্থলের কাছে পৌঁছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে
পিকআপের সামনে চলে যান। এ সময় পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই
মারা যান।
আটক পিকআপচালক মো. আনিসুল হক বলেন, পথের বাজার ডিপো
থেকে মালামাল নিয়ে তিনি মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিপরীত পাশে দুটি ভ্যান ছিল।
হঠাৎ পেছনের ভ্যান থেকে ‘টোপলা’ (পুটুলি) জাতীয় একটি
জিনিস পড়ে যায়। এরপর ওই ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির সামনে চলে আসেন।আনিসুলের
ভাষ্য, আমি ব্রেক করলেও তাকে আর রক্ষা করা সম্ভব হয়নি।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জীব বিশ্বাস
জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।