কক্সবাজার অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২২:০২ পিএম
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ওয়াশরুম থেকে পুলিশের এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে পুলিশ ব্যাটালিয়নের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়। ওয়াশরুম থেকে তার ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও সিগারেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে রুল কলে তার অনুপস্থিত দেখে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে গতকাল শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি ক্যাম্পের সদস্যদের জানান।
খবর পেয়ে ১৪-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
১৪-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, এক পুলিশ সদস্যের মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত ও আইনগত তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।