টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২১:৫৩ পিএম
টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার সকালে নাফ নদ ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেনÑ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০), একই এলাকার মোহাম্মদ ইসমাইল (২৭) এবং অপর কিশোরের নাম-পরিচয় না জানা যায়নি।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিন জেলে নাফ নদে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। এর আগেও ওই এলাকা থেকে ২০-২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, নাফ নদ ও সাগরে মাছ শিকার এখন আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবসময় জেলেদের মাঝে আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে আমাদের ধরে নিয়ে যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।