× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার: সেতুমন্ত্রী

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৫:৩৪ পিএম

বগুড়ায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার স্পিড ম্যানেজমেন্ট, নিরাপদ সড়ক আইন এবং ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার বিকালে বগুড়ায় শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বছরভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের তুলনায় সড়ক দুর্ঘটনা অনেকটাই কমেছে। চালকদের ফিটনেস পরীক্ষা, প্রশিক্ষণ ও অন্যান্য ব্যবস্থাও চালু করা হয়েছে। এসব কার্যক্রম চলমান রয়েছে এবং শিগগিরই এর সুফল পাওয়া যাবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা, দক্ষচালক ও ফিটনেসযুক্ত যানবাহন নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা এবং তদারকির ঘাটতি ছিল। সরকার ধীরে ধীরে এসব সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছে।

বিআরটিএ, বিআরটিসি, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে। এজন্য আইন প্রণয়ন ও সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ চলছে। চালকদের মাদকাসক্তির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, মাদকাসক্তি বর্তমানে একটি ভয়াবহ সামাজিক সমস্যা হয়ে উঠেছে। মাদক নিয়ন্ত্রণে আইন পরিবর্তনের পাশাপাশি চালকদের ডোপ টেস্টের ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

তিনি বলেন, দেশের অনেক চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অনেকেই বাস বা ট্রাকে কাজ করতে করতে গাড়ি চালানো শিখেছেন। তাদের আইন সম্পর্কে জ্ঞানও সীমিত। তাই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে প্রশিক্ষণ ও পরীক্ষা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চালকের মানসিক ও শারীরিক সক্ষমতা এবং গাড়ি চালানোর উপযোগী ফিটনেস নিশ্চিত করা হচ্ছে।

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি সড়ক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব দুর্ঘটনা সরকারের নেওয়া সামগ্রিক পদক্ষেপের বাইরে বিচ্ছিন্ন ঘটনা। তবে দুর্ঘটনা কমানোর জন্য সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে শনিবার বিকেলে শহরের চেলোপাড়ায় সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, করতোয়া নদীর ওপর নির্মিত নতুন সেতুটির দৈর্ঘ্য প্রায় ৬৮ মিটার। আধুনিক সুবিধা নিশ্চিত করে এটি নির্মাণ করা হয়েছে। সেতুর পাশে অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকান বসানো ঠেকাতে আলাদা লেন রাখা হয়েছে। সেতুর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে। ফলে জায়গাটি পর্যটনকেন্দ্রের মতো আকর্ষণীয় হয়ে উঠবে।

করতোয়া নদীর উন্নয়নেও সরকারি উদ্যোগ রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এলজিইডি ও পানি সম্পদ মন্ত্রণালয় নদীটির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

পাঁচ জেলার সড়ক জোন এখন বগুড়ায়

শাহ ফতেহ আলী সেতু উদ্বোধনের পর সড়ক ও জনপথ অধিদপ্তরের বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন মন্ত্রী। এত দিন সড়ক বিভাগের গুরুত্বপূর্ণ কাজে বগুড়াসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্ট ব্যক্তিদের রংপুরে যেতে হতো।

নতুন সড়ক জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজ পরিচালিত হবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজও এই জোনের মাধ্যমে পরিচালিত হবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়নকাজ দ্রুততর হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। পরে সড়ক ভবন প্রাঙ্গণে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ করেন।

শাকপালা পার্কে আধুনিকায়নের উদ্যোগ

দিনের শেষ কর্মসূচিতে শহরের শাকপালা মোড়ে ঐতিহাসিক শাকপালা পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে তিনি ও প্রতিমন্ত্রী পার্কের স্থান পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, মানুষের চলাচল, বিনোদন এবং মেধা-মননের বিকাশের জন্য উন্মুক্ত পরিবেশ প্রয়োজন। সেই লক্ষ্যেই শাকপালা পার্কের উন্নয়ন করা হচ্ছে।

বগুড়ার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বগুড়া দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও প্রসেসিং জোন গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বগুড়ার উন্নয়ন হলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে। শিল্প ও অবকাঠামোর সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের সময়ে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে পার্কটি গড়ে ওঠে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একপর্যায়ে এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয় বলে স্থানীয়দের অভিযোগ।

প্রায় দুই দশক পর পার্কটির আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় শহরবাসীর মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। উন্নয়নকাজ শেষ হলে পার্কটি আবারও বগুড়ার অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা