সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম
সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে কাফনের কাপড়, তাজা গুলি ও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে কাফনের কাপড়, তাজা গুলি ও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। হুমকি পাওয়া নেতার নাম মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে আশুলিয়া থানার এসআইক আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল ভোর ৫টার দিকে বাসার ফটকের সামনে বাজার করার ব্যাগ দেখেন ইসমাইল। ব্যাগে হুমকির চিঠিসহ কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজল ছিল। বিষয়টি থানায় জানানোর পর ব্যাগটি জব্দ করে নিয়ে যায় পুলিশ।
চিঠিতে লেখা ছিল, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এতো বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উঠছেন এটা তো ভালো হচ্ছে না... ভালোবেসে শেষ বিদায়ের সব কিছু দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন তাহলে কোন ঝামেলা নেই। কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন তাহলে আপনার কাছে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।’
এ বিষয়ে বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, গতকাল ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দেখাতেই এই ন্যক্কারজনক কাজ করেছে। তবে এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।