রংপুর অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:২৫ পিএম
রংপুর মহানগর নাগরিক কমিটি প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্যুতের প্রি-পেইড মিটার বসানো বন্ধ না করলে রংপুরে হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়া হবেÑ এমনই হুঁশিয়ারি দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শনিবার রংপুর মহানগর নাগরিক কমিটি প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
সমাবেশ বক্তব্য রাখেনÑ সংগঠনের সদস্য এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, বীথি দাস নন্দিনী, আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সবুজ রায় অনিন্দ্য আউয়াল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নেসকো সরকারি প্রজ্ঞাপন ও গ্রাহকদের মতামত ছাড়াই সচল পোস্ট-পেইড মিটার সরিয়ে প্রি-পেইড মিটার বসাচ্ছে।
তারা আরও বলেন, প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের নাভিশ্বাস অবস্থা। পূর্বের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এটা চলতে থাকলে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। প্রিপেইড মিটার একদিকে ডিজিটাল কারচুপি করছে, অন্যদিকে প্রতিনিয়ত হয়রানি ও দুর্ভোগ সৃষ্টি করছে। নেসকো জনগণের মতামতের তোয়াক্কা করছে না।
এ ব্যাপারে সরকার রয়েছে নির্বিকার। একটি সেবামূলক প্রতিষ্ঠান স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বিদ্যুৎ বিভাগের চুরি-দুর্নীতি ও লুটপাটের দায় বিদ্যুৎ গ্রাহকদের কাঁধে চাপিয়ে রীতিমতো জুলুম করছে। এ পরিস্থিতি কোনোভাবেই চলতে পারে না।