রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:১৭ পিএম
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলেকজান্ডার বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ২ থেকে আড়াই কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার গভীর রাতে আলেকজান্ডার বাজারের পশ্চিম গলির সোনালী ব্যাংক সংলগ্ন দোকানে এ আগুনে দন্ত চিকিৎসালয়, মুদি দোকান, জাল-বটের দোকান, হোটেল ও হোমিওপ্যাথিক দোকানসহ মোট ১০টি দোকান ভস্মীভূত হয়।
খবর পেয়ে রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে পৌরসভার পানি সরবরাহ বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।