রংপুর অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:১৪ পিএম
লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার এক্সপ্রেসের ইঞ্জিন নগরীর স্টেশন বাবুপাড়ার রেলক্রসিংয় এলাকায় লাইনচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে বুড়িমারী কমিউটার এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী এক্সপ্রেসের ইঞ্জিন নগরীর স্টেশন বাবুপাড়ার রেলক্রসিংয় এলাকায় লাইনচ্যুত হয়।
প্রায় দেড় ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকায় ট্রেনে থাকা শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে ট্রেনটি ৩ নম্বর লাইনে থাকায় অন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
ট্রেন যাত্রী খাইরুল ইসলাম বলেন, প্রায়ই ট্রেনে করে অফিসে যাই। এ দুর্ঘটনার কারণে আজ (শনিবার) সময় মতো অফিসে যেতে পারলাম না।
আফরোজা বেগম বলেন, হঠাৎ করে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। রেলযাত্রার উন্নতি হওয়া প্রয়োজন। সরকার যদি এদিকে নজর দেয়, তাহলে রেলযাত্রীরা উপকৃত হবে।
রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও ভোগান্তিহীন যাত্রা উপহার দিতে রেলওয়ে বিভাগ কাজ করছে।