গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৮:৫৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৩:৪৯ পিএম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে এক খেওয়ে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে এক খেওয়ে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। গত শুক্রবার বিকালে মহিপুর মৎস্য বন্দরে নিলামে এসব ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়। এক জালে এতো পরিমান ইলিশ ধরা পড়ায় জেলে ও মৎস্য সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা গেছে, গত শুক্রবার পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়াসংলগ্ন গভীর সাগরে এফবি জুনাইদ নামের মাছধরা ট্রলার নিয়ে জাল ফেলেন মাঝি আলমগীর। একবার জাল ফেলতেই প্রায় ২ হাজার ২০০টি ইলিশ ধরা পড়ে। পরে দুপুরের দিকে ট্রলারটি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে পৌঁছায়। বিকালে মনোয়ারা ফিশ আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়।
আড়ত সূত্র জানায়, ১ কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়। এতে পাওয়া যায় ২৭ লাখ ৬০ হাজার টাকা। আর ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয় ২০ লাখ ৯০ হাজার টাকায়। সব মিলিয়ে ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।
ট্রলার মাঝি আলমগীর বলেন, প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এতো বড় চালানের ইলিশ পেয়েছেন তারা। দীর্ঘদিন লোকসানের পর একসঙ্গে এতো মাছ পাওয়ায় তারা সবাই খুশি।
মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন বলেন, দীর্ঘদিন পর এত বড় চালানের ইলিশ এসেছে। বর্তমানে বাজারে ইলিশের দাম বেশি থাকায় জেলেরা ভালো মূল্য পেয়েছেন। সচরাচর এতো বড় আকারের ইলিশ একসঙ্গে পাওয়া যায় না।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, একটি ট্রলারে একসঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়া নি:সন্দেহে স্বস্তির খবর। এতে জেলেদের মধ্যে আশার সঞ্চার করেছে। তিনি আরও বলেন, ইলিশের ইতিবাচক ধারা ধরে রাখতে জেলেদের সচেতনতা, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা এবং সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে বেশ ভালোই ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ইলিশ পাওয়া যেতে পারে। এতে জেলে, আড়ৎদারসহ ইলিশ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন।