নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৮:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উপজেলার বিটঘর ইউনিয়নে শনিবার সকাল ১০টা থেকে দুপুর
২টা পর্যন্ত টিয়ারা গ্রামে দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত
হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, টিয়ারা গ্রামের শিশু মিয়া ও আবুল
হোসেন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে
দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার দুই পক্ষের
মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে বাড়ি ফেরার পথে
আবুল হোসেন চেয়ারম্যানের তিন সমর্থককে আটকে মারধর করার অভিযোগ ওঠে শিশু মিয়ার
লোকজনের বিরুদ্ধে। ওই ঘটনার জের ধরে শনিবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে উভয়পক্ষ মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে
চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া
হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও
লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার পর
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।