নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৮:০১ পিএম
গৌরনদীতে দাবিকৃত টাকা চাঁদা না পেয়ে ফল ব্যবসায়ীর ডিসিআরকৃত চান্দিনা ভিটি দখলের অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের গৌরনদীতে দাবিকৃত টাকা চাঁদা না পেয়ে ফল ব্যবসায়ীর ডিসিআরকৃত চান্দিনা ভিটি দখলের অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে ব্যবসায়ীর স্ত্রী সীমা বেগম বাদি হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেনÑ মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ সরদার।
সীমা বেগম বলেন, আমার স্বামী জালাল রাঢ়ী ১৫ বছর আগে উপজেলা ভূমি অফিস থেকে ডিসিআর (লিজ) নিয়ে চান্দিনা ভিটিতে গোডাউন নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। সরকারি বিধিমোতাবেক প্রতিবছরই ওই চান্দিনা ভিটির লিজের টাকা দিয়ে নবায়ন করে আসছেন। ২০২৩ সালে দোকান ঘরটি ভেঙে ফেলায় পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি ওই চান্দিনা ভিটিতে নতুন করে দোকান ঘর নির্মাণে কাজ শুরু করলে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা বাঁশের বেড়া দিয়ে ভিটিটি দখল করে রাখেন।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সজল সরকার ও বায়েজিদ সরদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ডিসিআর বাতিল করার জন্য বাজারের ইজারাদারের পক্ষ থেকে এসিল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে। কেউ যেন ওই ভিটিতে ঘর তুলতে না পারে সেই জন্য ভিটিতে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ওই চান্দিনা ভিটিটি জালাল রাঢ়ীর নামে আগেই ডিসিআর ছিল। তাই চলতি বছরেও তার (জালাল) নামেই নবায়ন করে দিয়েছি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।