আলোচনা-সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৪:৩৬ পিএম
বাঁশের সাঁকো উদ্বোধক বিএনপি নেতা শহিদুল ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের উজিরপুর পৌরসভায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে তৈরি প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান।
উদ্বোধন উপলক্ষে ছিল ঢোল-বাদ্য, বয়াতিদের গান ও মিষ্টি বিতরণের আয়োজন। এ ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি স্থানে দীর্ঘদিন ধরে পারাপারে ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। পরে স্থানীদের টাকায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সাঁকোটির উদ্বোধন উপলক্ষে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন। ফুল ও বেলুন দিয়ে সাঁকোটি সাজানো হয়। পরে লাল ফিতা কেটে সেটির উদ্বোধন করেন শহিদুল ইসলাম খান। এ সময় ঢোল-বাদ্য ও বয়াতিদের গান পরিবেশন করা হয়। উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
উদ্বোধনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। কেউ কেউ অস্থায়ী বাঁশের সাঁকোর উদ্বোধন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের ভাষ্য, স্থানীয় মানুষের চলাচলের জন্য একটি স্থায়ী সেতু প্রয়োজন; বাঁশের সাঁকো সেই সমস্যার স্থায়ী সমাধান নয়। আবার অনেকে নিজেদের টাকায় স্থানীয় বাসিন্দাদের সাঁকো নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম খান বলেন, সাঁকো উদ্বোধনের বিষয়ে তার আগে থেকে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। স্থানীয় বাসিন্দা, নারী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তিতে ছিলেন। তাদের উদ্যোগেই বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকোটি তৈরি করা হয়েছে।
শহিদুল ইসলাম খান বলেন, বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা আমাকে সেখানে ডেকে নিয়ে যান। সেখানে দেড় থেকে দুই শত মানুষ উপস্থিত ছিলেন। তারা লাল ফিতা কেটে সাঁকোটি উদ্বোধনের অনুরোধ করলে আমি ফিতা কাটি। গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজনও স্থানীয়রাই করেছিলেন।
তিনি আরও বলেন, সাঁকোটি স্থানীয় মানুষের নিজেদের উদ্যোগে তৈরি করা হয়েছে। আমার পক্ষ থেকে এর উদ্বোধনের কোনো আয়োজন করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি নির্মাণের ফলে আপাতত দুই ওয়ার্ডের মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে বাঁশ ও সুপারিগাছের তৈরি এ ধরনের অস্থায়ী সাঁকো কতটা নিরাপদ এবং কত দিন টেকসই হবে, তা নিয়েও তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তারা ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।