হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৪:২৫ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় পানির চাপে গুরুত্বপূর্ণ এ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের খাদের সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় টানা দু’দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় পানির চাপে গুরুত্বপূর্ণ এ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের খাদের সৃষ্টি হয়েছে।
বর্তমানে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ
রয়েছে। যার কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দুই থেকে তিন কিলোমিটার পথ ঘুরে বিকল্প রাস্তায়
যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করে যোগাযোগ স্বাভাবিক করার দাবি
জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায়
গত মধ্যরাতে এই সড়ক ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কটিতে পানি নিষ্কাশনের জন্য
পর্যাপ্ত কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় পানির অতিরিক্ত চাপে সড়কটির
নিচের মাটি সরে যায়।
পরবর্তী সময়ে সকালের দিকে গর্তটি আরও বড় আকার ধারণ
করলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং ওই পথে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়মিত
যাতায়াত করেন।এটি হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল- এই চারটি ইউনিয়নের
মানুষের যাতায়াতের প্রধান পথ।
এছাড়া পার্শ্ববর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান,
নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়নসহ নালিতাবাড়ী সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান
মাধ্যম হিসেবেও এই সড়কটি ব্যবহৃত হয়ে থাকে। হঠাৎ সড়ক ধসে পড়ায় এই অঞ্চলের আন্তঃউপজেলা
যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান ইতু জানান, গত রাতে পানির চাপে সড়কটি ভেঙে যায়। এর ফলে, সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ জানান,
বিষয়টি সম্পর্কে তিনি ইতোমধ্যে অবগত হয়েছেন। ভেঙে যাওয়া স্থান পরিদর্শনের জন্য তার
দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।