× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায় ছোট্ট শিক্ষার্থীরা

রাস্তাটি ২৯ বছর ধরে রয়ে গেছে কাঁচা

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর)

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৪:০৫ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৪:১০ পিএম

 মধুখালী উপজেলায় ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধুখালী উপজেলায় ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্ষাকাল এলেই শিক্ষার্থীদের মনে ভয় জেঁকে বসে। এই ভয়ের কারণ তাদের বিদ্যালয়ের সামনের রাস্তা। শুকনো সময়ে রাস্তাটি ভীতি জাগায় না। বিদ্যালয়ে আসা-যাওয়ায় সমস্যা হয় না। কাদায় ভরে থাকে না রাস্তা। কিন্তু বর্ষাকাল এলে চোখে সর্ষে ফুল দেখে শিক্ষার্থীরা।

প্রায় এক কিলোমিটার কর্দমাক্ত রাস্তা তাদের পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। ছুটি হলে সেই রাস্তা দিয়ে ফিরতে হয় বাড়ি। এভাবেই প্রায় শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে পড়তে যাচ্ছে। 

কিন্তু ২৯ বছরেও শিক্ষার্থীদের এই অসুবিধা কাউকে বিচলিত করেনি। তাদের সুবিধার জন্য কর্তৃপক্ষ এক কিলোমিটার রাস্তা পাকা করে দিতে পারেনি। ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির এই চিত্র। 

বষাকালে ভোগান্তি শিকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দেখার কেউ নেই। বিদ্যালয়ে ঢোকার একটিই রাস্তা। সবাইকে এই রাস্তা ধরেই আসা-যাওয়া করতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১৩ সালে এটিকে সরকারি করা হয়। ২০১১ সালে বিদ্যালয়টিকে দুইতলা একটি ভবনে রূপান্তর করা হয়।  


বর্তমানে বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৪ শিক্ষার্থী রয়েছে। পাঠদানের জন্য রয়েছেন ছয় জন শিক্ষক। বিদ্যালয়ে যাতায়াতের ব্যাপারে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিশাল দাস জানায়, বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াত করতে ভীষণ কষ্ট হয়। অনেকে এ সময়ে স্কুলে নিয়মিত ক্লাস করেনা।

পঞ্চম শ্রেণীর আরেক শিক্ষার্থী জান্নাতি খাতুন জানায়, বর্ষা মৌসুমে বৃষ্টির শুরু হলে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। কখনও কখনও পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়। স্কুল ড্রেসও কর্দমাক্ত হয়ে পড়ে। অপর শিক্ষার্থী প্রিয়ন্তী দাস জানায়, বৃষ্টি হলেই কাদায় পড়ে যাওয়ার ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়েই আসে না।

শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক হেমন্ত দাস বলেন, বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে আসতে গিয়ে কাদায় পড়ে যায়। এতে ছাত্রছাত্রীর স্কুল ড্রেস ও বই-খাতা নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে ভিজেও যায় তারা। রিকশায় করে স্কুলে আসবে তার কোনো সুযোগি নেই। প্রায় এক কিলোমিটার রাস্তা এতটাই কর্দমাক্ত যে কোনো রিকশা স্কুলে আসতে চায় না। এ কারেণে অনেকে ঝুঁকি নিয়ে স্কুলে এলেও  অনেকে  আসে না।

পাকা রাস্তা না থাকা প্রসঙ্গে ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস বলেন, বিদ্যালয়ে যাওয়ার জন্য যে রাস্তাটুকু কাঁচা রয়েছে, তাতে সামান্য বৃষ্টি হলেই কাদাপানি জমে যায়। এ কারণে ছোট ছোট শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে। বিষয়টি নিয়ে আমি স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকবার জানিয়েছে। কেউ কাঁচা রাস্তাটি পাকা করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন না। বর্ষা এলেই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের দুর্ভোগের সীমা থাকেনা। কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়ার জন্য সরকারের দায়িত্বশীলদের প্রতি সর্নিবন্ধ অনুরোধ রইল। তারা বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করি। 


স্থানীয় মেগচামী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার সনৎ কুমার দাস বলেন,  ফুলেশ্বরি পানি উন্নয়ন সমবায় সমিতির উদ্দ্যোগে খালের পার দিয়ে ১৯৯৭ সালে রাস্তাটি নির্মাণ করা হয়। এটি এখন এই এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। এটি ছাড়া চলাচলের অন্য কোনো বিকল্প নেই। রাস্তাটি পাকা করার জন্য উপজেলার বিভিন্ন দপ্তরকে অনুরোধ করা হয়েছে। কেউ অনুরোধ কানে তোলেনি।

মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবিদ উদ্দীন শেখ সাব্বির বলেন, রাস্তাটির খুবই বেহাল দশা। বর্ষায় বাচ্চাদের স্কুলে যেতে খুবই কষ্ট করতে হয়। আমি কিছুদিন আগেও স্থানীয় সংসদ সদস্যকে এ বিষয়টি জানিয়েছি। রাস্তাটি দ্রুত নির্মাণ করে দিতে পারলে আমার ভালো লাগবে।

এ প্রসঙ্গে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী বলেন, আমি এ উপজেলায় অল্প কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছি। এখনও স্কুলটিতে যাওয়া হয়নি। আপনি যখন বললেন এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা