× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকার বিনিময়ে মাদক কারবারে সহযোগীতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:৪৪ পিএম

হরিণাকুণ্ডু থানা। ফাইল ছবি

হরিণাকুণ্ডু থানা। ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের বিশেষ তৎপরতা থাকার কথা থাকলেও উল্টো অভিযোগ উঠেছে, কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা টাকার বিনিময়ে নির্বিঘ্ন মাদক কারবারে সহযোগীতা করছেন।

স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট মাদক মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের মাধ্যমে তাদের অনেকটা নিরাপদে রাখছে পুলিশের একটি প্রভাবশালী চক্র।

অভিযোগ রয়েছে, হরিণাকুণ্ডু থানার পরিদর্শক অসিত কুমার রায়ের আস্থাভাজন দুই পুলিশ পরিদর্শকের ছত্রচ্ছায়ায় মাদক কারবারিরা নানা কৌশল অবলম্বন করে স্থানীয় পর্যায়ে মাদক বিক্রি করছে, মজুত করছে এবং হরিণাকুণ্ডুসহ আশপাশের উপজেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সন্ধ্যার পর নির্দিষ্ট কয়েকটি এলাকায় মাদকসেবী ও কারবারিদের আনাগোনা বেড়ে যায়। প্রকাশ্যে কিংবা গোপনে চলে কেনাবেচা। মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও অনেক সময় মূল কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে ছোটখাটো চালান বা বহনকারীদের আটক করেই অভিযান শেষ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, “মাদক কারবারিদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও অনেকেই পুলিশের সদস্যদের নিয়মিত টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করে চলছে। ফলে নতুন নতুন তরুণরা এই ব্যবসায় জড়িয়ে পড়ছে।”

সূত্র জানায়, হরিণাকুণ্ডু থানায় ওসি না থাকায় পরিদর্শক অসিত কুমার রায় সেখানে যোগাদান করেন। ওসির অনুপস্থিতিতে নিজেকে নানা অপকর্মে জড়িয়ে ফেলেন তিনি। বিশেষ করে মাদক কারবারির সঙ্গে যোগসাজশ গড়ে তোলেন। 

এ কাজে তাকে সহায়তা করেন একই থানার উপ-পরিদর্শক আব্দুল হক ও বিপুল হোসেন। তাদের আপোষ করে নিয়মিত মোটা অংকের টাকা দিয়ে মাদক কারবার করে যাচ্ছে উপজেলার হরিশপুর গ্রামের জুয়েল হোসেন ও দেলোয়ার হোসেন। 

অভিযোগ রয়েছে, সম্প্রতি পোলতাডাঙ্গা গ্রামের উজ্জ্বল আহমেদ ও আড়ুয়াকান্দি গ্রামের সম্রাট হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে দেড় লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেন উপ-পরিদর্শক আব্দুল হক।

মাদক কারবারের কারণে তরুণ সমাজের একটি অংশ ক্রমেই বিপথগামী হচ্ছে। পরিবারে বাড়ছে অশান্তি, পাশাপাশি চুরি, ছিনতাইসহ নানা অপরাধও বেড়েছে উপজেলাজুড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার জোড়াদহ এলাকার এক মাদক কারবারি বলেন, “অন্য সময় নতুন স্যাররা থানায় এলে আমাদের কারবারে ব্যাঘাত ঘটাতো। তবে অসিত স্যার থানায় যোগ দেওয়ার পর আমাদের আর মাদকের কারবার করতে সমস্যা হচ্ছে না। তিনি প্রতি সপ্তাহে আব্দুল হক ও বিপুল স্যারকে পাঠিয়ে তাদের চাহিদামত টাকা নিয়ে যায়। এখন আমরা স্বাভাবিকভাবে কারবার করছি। প্রশাসন আর আগের মতো বাধা দিচ্ছে না।”

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “এ তো দেখি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে। যে পুলিশের মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা, তারাই কী না মাদক কারবারের সঙ্গে জড়িতদরে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে! এতে পেশাদার পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। সংশ্লিষ্টদের উচিত তাদের শাস্তির আওতায় আনা। নইলে সাধারণ জনগণের কাছে পুলিশের আস্থা আরও হারিয়ে যাবে।”

এসব অভিযোগের বিষয়ে হরিণাকুণ্ডু থানার পরিদর্শক অসিত কুমার রায় বলেন, “আমাদের থানায় কোনও ওসি নেই। বর্তমানে আমি সেই দায়িত্ব পালন করছি। অনেকে ক্ষুব্ধ হয়ে আমাকে নিয়ে অপপ্রচার চালাতে পারে। অফিসে এসে আর বিস্তারিত আলোচনা হবে আপনার সঙ্গে।”

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “পুলিশের কোনো সদস্যও যদি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। হরিণাকুণ্ডু থানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারা যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা