মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:২৪ পিএম
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
আহতরা হলেন, পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস পাকুন্দিয়ার বরাটিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সেলিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালক, অপর এক যাত্রী ও সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজ্ঞাতপরিচয় এক আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, “হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”