× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াবা পাচারে বাইকার গ্যাং

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম

গ্রাফিক্স: এআই

গ্রাফিক্স: এআই

দেশজুড়ে ইয়াবা পাচারের কৌশলে পরিবর্তনের অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রচলিত যানবাহনের পাশাপাশি এখন মোটরবাইক ব্যবহার করে ইয়াবার চালান পরিবহন করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি অভিযানে মোটরবাইক ব্যবহারকারী সন্দেহভাজন চক্র, দম্পতি এবং অন্যান্য বাহনের মাধ্যমে ইয়াবা পাচারের ঘটনাও সামনে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, কক্সবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা ইয়াবা নেটওয়ার্ক দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। দ্রুত অর্থ উপার্জনের আশায় কিছু উঠতি বয়সী তরুণ ও কিশোর এই ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। তাদের কেউ কেউ ইয়াবা সেবনের পাশাপাশি বিক্রি ও পাচারের কাজেও যুক্ত হচ্ছে।

সূত্রগুলোর ভাষ্য, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলের চলাচল বেড়েছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে অনেক বাইকার কক্সবাজারে যাতায়াত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি বাড়ায় কিছু পাচারকারী মোটরবাইক ব্যবহার শুরু করেছে। অনেক ক্ষেত্রে একজন পুরুষের সঙ্গে একজন নারীও থাকেন। অভিযোগ রয়েছে, শহরের ভেতর ও বাইরে আলাদা গ্রুপের মাধ্যমে ধাপে ধাপে মাদক হাতবদল করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ভুল সঙ্গের কারণে কিছু কিশোর, তরুণ ও শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের অর্থ জোগাড় করতে তাদের কেউ কেউ কিশোর গ্যাংয়ের সঙ্গেও জড়িয়ে পড়ছে। গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও রয়েছে বলে তারা জানান।

গত বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেলসহ ছয়জনকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করার তথ্য জানায় র‌্যাব। র‌্যাবের দাবি, আটকরা একটি সংঘবদ্ধ ‘বাইকার গ্যাং’-এর সদস্য এবং মোটরসাইকেলে করে দেশের বিভিন্ন স্থানে ইয়াবার চালান পৌঁছে দিতেন। আটক ব্যক্তিরা হলেনÑ মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)।

এর আগে গত বুধবার নগরীর কোতোয়ালি থানার লইট্টাঘাটা ৪ নম্বর ঘাটের প্রবেশমুখে মেরিনার্স রোডে চেকপোস্টে তল্লাশির সময় কক্সবাজার থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের খোলা পিকআপ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার চালান কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকার এক মাদক ব্যবসায়ীর জন্য আনা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার হন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা মো. আবুল কালাম (৩৮)।

কোতোয়ালি থানার ওসি জায়েদ নূর বলেন, ইয়াবার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় পিকআপটি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই দিন কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মঙ্গলবার রাতে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের রেলওয়ে হাসপাতালের সামনে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।

বিশিষ্ট মানবাধিকার কর্মী ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। তার ভাষ্য, শুধু মাদক বহনকারীকে গ্রেপ্তার করলেই হবে না; কক্সবাজারভিত্তিক মূল হোতাদেরও ধারাবাহিকভাবে আইনের আওতায় আনতে হবে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, আটক ব্যক্তিরা একটি পেশাদার ও সংঘবদ্ধ ‘বাইকার গ্যাং’-এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কাজ করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, মাদক নির্মূলে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। প্রতিদিনই পুলিশ মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করছে। মাদকের বিরুদ্ধে সব থানায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি জানান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা