জেলের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় এবং আড়তগুলোতে জোগান কম থাকায় বাজারে দামও বেশ চড়া, যা অনেকটাই সাধারণের নাগালের বাইরে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভরা মৌসুমেও চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ তুলনামূক কম। জেলের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় এবং আড়তগুলোতে জোগান কম থাকায় বাজারে দামও বেশ চড়া, যা অনেকটাই সাধারণের নাগালের বাইরে। বোট মালিকদের ভাষ্য, একটি ট্রলার সমুদ্রে পাঠাতে জ্বালানি, বরফ, খাদ্য ও শ্রমিক বাবদ বড় অঙ্কের ব্যয় হলেও সেই ব্যয় উঠছে না। নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গেলেও অধিকাংশ ট্রলার কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছে না। যদিও অন্যান্য সামুদ্রিক মাছ কিছুটা মিলছে, তবে ইলিশের আহরণ আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। ইলিশের জন্য জেলেরা সমুদ্রে হা-পিত্যেশ করছে। কারণ হিসেবে তারা বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের পরিবর্তনকে দায়ী করলেও সামুদ্রিক মৎস্য দপ্তর ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংয়ে জাটকা ও ছোট আকারের ইলিশ ধরা পড়ছে দেদার। ফলে মাছ বড় হওয়ারই সুযোগ পাচ্ছে না।
ক্রেতারা বলছেন, বাজারে ছোট ও মাঝারি সাইজের ইলিশ মিললেও দাম খুব চড়া। ছোট সাইজের ইলিশের কেজি ৫০০ থেকে সাড়ে পাঁচশ টাকা। মাঝারি সাইজের ইলিশ ১ হাজার থেকে ১২০০ এবং এক থেকে দেড় কেজির ইলিশ ২৫০০ থেকে ৩ হাজার টাকা দাম হাঁকছে।
রেয়াজউদ্দিন বাজারে কেনাকাটা করতে আসা মো. রবিউল বলেন, ইলিশের বাজার খুবই চড়া। আগে এ সময় রাশমণি ঘাট থেকে হাজার-বারোশ টাকায় ছোট ও মাঝারি সাইজের এক খাঁচি ইলিশ কেনা যেত। যেখানে ছোট ও মাঝারি সাইজের ১৩ থেকে ১৪টি ইলিশ থাকত। কিন্তু এখন এক কেজির দামই চাওয়া হচ্ছে হাজার-বারোশ টাকা।
সরেজমিনে দেখা গেছে, ফিশারিঘাট, রাণী রাশমণি ঘাট, আনন্দবাজার এলাকায় জেলেদের ব্যস্ততা কমেছে। প্রতিবছর এ সময় ঘাটগুলোতে জেলেদের তুমুল ব্যস্ততা থাকে। তবে চলতি মৌসুমে দেখা গেছে ভিন্ন চিত্র। মৌসুমের মাঝামাঝি এসেও অধিকাংশ জেলের জালে প্রত্যাশিত সামুদ্রিক ইলিশ উঠছে না।
জেলেরা বলছেন, সমুদ্রে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় অনেক ফিশিং বোট এখন আর নিয়মিত মাছ ধরতে যাচ্ছে না। অন্যান্য সামুদ্রিক মাছ কিছুটা পাওয়া গেলেও ইলিশের আহরণ আগের তুলনায় অনেক কম। বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের পরিবর্তনে ইলিশের স্বাভাবিক বিচরণ, খাদ্য সংগ্রহ ও প্রজননের পরিবেশ বদলে যাচ্ছে। ফলে পরিচিত এলাকায় মাছ কমে আসছে। অনেক ইলিশ গভীর সমুদ্রে চলে যাচ্ছে বলে ধারণা করছেন তারা।
অন্যদিকে চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. মশিউর রহমান মনে করেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংয়ে জাটকা ও ছোট আকারের ইলিশ ধরা পড়া। নদী থেকে সমুদ্রে যাওয়ার সময় জালে ছোট ইলিশগুলো আটকা পড়ে যায়। এর প্রভাব পুরো মৌসুমেই পড়ে।
সামুদ্রিক মৎস্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে নদীর চেয়ে সমুদ্রে ৬৩ হাজার টন বেশি ইলিশ ধরা হলেও সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এ ব্যবধান নেমে এসেছে মাত্র ২ হাজার টনে। একই সময়ে নদী ও সমুদ্র মিলিয়ে ইলিশ আহরণও কমে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ টনে, যা ২০১৬-১৭ অর্থবছরের পর সর্বনিম্ন। তাই বাজারে ইলিশের দামও চড়া।
সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস্য জরিপ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাত অর্থবছরে বঙ্গোপসাগরে সামুদ্রিক ইলিশ আহরণের চিত্রে উত্থান-পতন রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে সমুদ্র থেকে ২ লাখ ৯০ হাজার টন ইলিশ আহরণ হয়। এরপর ২০১৯-২০ অর্থবছরে ৩ লাখ ৪ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ১৪ হাজার টন এবং ২০২১-২২ অর্থবছরে ৩ লাখ ২২ হাজার টন আহরিত হয়, যা ইতিহাসে সর্বোচ্চ। তবে এরপর ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ টন এবং ২০২৩-২৪ অর্থবছরে আহরণ কমে দাঁড়ায় ২ লাখ ৮১ হাজার টনে।
সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরে সমুদ্র থেকে ইলিশ আহরণ কমে ২ লাখ ৫১ হাজার টনে নেমে এসেছে। অর্থাৎ শেষ চার অর্থবছরে সামুদ্রিক ইলিশ আহরণ কমেছে ৭১ হাজার টন বা প্রায় ২২ শতাংশ। তা ছাড়া ২০১১-১২ অর্থবছরের পর ২০২৪-২৫ অর্থবছরেই সমুদ্র থেকে সর্বনিম্ন পরিমাণ ইলিশ আহরণ হয়েছে। এদিকে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সমুদ্র থেকে ইলিশ আহরণের চূড়ান্ত তথ্য প্রকাশ হতে আরও অন্তত ৮ মাস লাগবে। তবে গত অর্থবছরের পরিস্থিতি বিবেচনায় ইলিশের আহরণ আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফিশারিঘাটের কায়সার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কায়সার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সমুদ্র থেকেই দেশের বেশিরভাগ ইলিশ আহরণ করা হয়। কয়েক দিন আগে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বোটগুলো সমুদ্রে গেলেও ইলিশের দেখা পাচ্ছে না। গত বছর ট্রলিং জালে মাছের ঝাঁক ধরার সময় এক থেকে দেড় ইঞ্চি আকারের ইলিশের পোনাও উঠে এসেছিল। অর্থাৎ সমুদ্রে মাছকে বড় হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে ইলিশের আহরণ ক্রমশ নিম্নমুখী। দেশের সামুদ্রিক মৎস্য আহরণের সবচেয়ে বড় বাজার ফিশারিঘাটেই সরবরাহ খুব কম। ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশের দাম পড়ছে টনপ্রতি ৪২ হাজার টাকা।
চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. মশিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি ইলিশ মাছ একসঙ্গে প্রায় ২ থেকে আড়াই লাখ ডিম দিতে সক্ষম। ১৫০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশগুলো নদী থেকে নিরাপদে সমুদ্রে যেতে পারলে পরবর্তীতে তা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ গ্রাম পর্যন্ত ওজনের হতে পারে। কিন্তু সমুদ্রে যাওয়ার আগেই এসব মাছ ধরা পড়ে যাচ্ছে। ফলে ইলিশের প্রজনন ও উৎপাদন উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাটকা নিধন নিষেধাজ্ঞার সময়ও অনেক জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরছেন। এতে ইলিশের স্বাভাবিক প্রজনন ও বংশবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বঙ্গোপসাগরের সামুদ্রিক মাছ ও মজুদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি। সেই অভিজ্ঞতায় বলতে পারি, ইলিশসহ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অনেক মাছের সংকট আরও প্রকট হবে। সমুদ্রে মৎস্য আহরণকারী বাণিজ্যিক জাহাজ ও জেলেরা ছোট-বড় কোনো মাছই বাছবিচার না করে ধরছেন। ফলে প্রজননক্ষম মা মাছ ডিম ছাড়ার সুযোগ পাচ্ছে না, আবার ছোট মাছও বড় হওয়ার আগেই ধরা পড়ছে। বিশেষ করে ট্রলিং জালে যা উঠছে, তার বেশিরভাগই ধরে আনা হচ্ছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং সমুদ্রে প্রাকৃতিক মজুদ দ্রুত কমে যাচ্ছে।
তিনি বলেন, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকলেও সবচেয়ে বড় সমস্যা অনিয়ন্ত্রিত মাছ আহরণ। সরকারের নির্ধারিত নিয়মকানুন থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন ও নজরদারির অভাবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। টেকসই মৎস্যসম্পদ রক্ষায় ছোট ও প্রজননক্ষম মাছ সংরক্ষণে কঠোর ব্যবস্থা নিতে হবে।