বগুড়া অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ০৮:৫৫ এএম
দুর্ঘটনাকবলিত বাসের সামনে স্থানীয়দের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসের চাপায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু দুর্ঘটনায় আহতদের দেখতে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। আইসিইউতে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তার চেতনার মাত্রা খুবই কম।”
তিনি বলেন, “হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। রক্তের প্রয়োজন হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে। প্রয়োজন হলে রোগীদের ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।”
পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান হাসপাতালে আহতদের দেখতে যান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুরেরা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারে কাজের সন্ধানে জড়ো হন। শুক্রবার ভোরে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিয়ে উল্টো ঘুরে বগুড়ামুখী হয়ে যায়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে ছয়জনের মৃত্যু হয়। পরে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার ফাপোঁড় মধ্যপাড়ার বেল্লাল হোসেন (৪০), কাহালু উপজেলার নারহট্ট সরদারপাড়ার নুর মোহাম্মদ সরদার (৭৫), জয়পুরহাটের কালাই উপজেলার আনারুল ইসলাম (৫৫), পাঁচবিবি উপজেলার আমিরুল (৪০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আবু সাইদ (৪৫) ও নুর আলম (৪৫) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজিমুল (৪৭)।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের কাজ শুরু করলে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া সদর থানার অফিসার অনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে একটি খুঁটিতে ধাক্কা দেয়, পরে শ্রমিকদের ওপর উঠে যায়।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের স্বজনদের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।