চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২৩:০৯ পিএম
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ফাইল ছবি
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়। জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১৭ বছরের নিপীড়নের বিরুদ্ধে জনগণের বিস্ফোরণ। এই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের শোষণ, নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, মামলা-মোকদ্দমা ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের বহিঃপ্রকাশ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের শুক্রবার দুপুরে জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। তাই এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। এর মূল শক্তি ছিল বাংলাদেশের জনগণ। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনাওয়াজ সভাপতির বক্তব্যে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক মতের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
এ ছাড়া চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কাদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, পেশাজীবী নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।