× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক ঘটনায় পুলিশ সদস্য, পর্যটকসহ ৭ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২২:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী গত বৃহস্পতিবার ও শুক্রবার সাবেক পুলিশ সদস্য, পর্যটক, যুবক, গৃহবধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে। কিশোরগঞ্জ, দিনাজপুর, সুনামগঞ্জ, কক্সবাজার, পিরোজপুর, নীলফামারী ও কুমিল্লাতে এসব মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদরের একটি ফিশারি থেকে অনিক মিয়া (৩৫) নামে এক পুলিশের সাবেক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বেরুয়াইল গ্রামের একটি ফিশারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর : দিনাজপুরে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দিনাজপুরের সদর উপজেলার ২ নম্বর সুন্দরপুর ইউনিয়নের রামডুঙ্গী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে এই অজ্ঞাত যুবকের মরদেহটি পুলিশ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরনবী  জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব যায়নি। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদরের মৃত আহমেদ আলী খানের বড় ছেলে। তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহম্মাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজার : কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম। মৃত ইয়াসিন আরাফাত (২০) কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার বাসিন্দা আলিম হোসেনের ছেলে। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পিরোজপুর : পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের উলঙ্গ অবস্থায় থাকা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধারকৃত মরদেহটি একজন পুরুষের। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে নিজবাড়ির শয়নকক্ষ থেকে স্মৃতি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার ওই এলাকার মো. নাঈমুর হকের স্ত্রী। নাঈমুর বটতলী বাজারের একটি চায়ের দোকানে কাজ করেন। সৈয়দপুর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের তিন দিন পর দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচালকের মরদেহ একটি ফিশারি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকার একটি ফিশারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুধ মিয়া মনিপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে রিকশা চালাতেন। বুড়িচং থানার আওতাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুর রহমান জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা