খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২১:৫৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ২১:৫৯ পিএম
খাগড়াছড়িতে স্বর্ণ ব্যবসার আড়ালে পরিচালিত কথিত সুদ ব্যবসাকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম, প্রতারণা ও আর্থিক শোষণের অভিযোগ
খাগড়াছড়িতে স্বর্ণ ব্যবসার আড়ালে পরিচালিত কথিত সুদ ব্যবসাকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম, প্রতারণা ও আর্থিক শোষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অল্প অঙ্কের ঋণ নিয়ে সুদাসলে পুরো টাকা পরিশোধ করলেও তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ অথবা কোটি টাকার দাবি তুলে আইনি নোটিশ ও মামলা করা হচ্ছে।
আদালতের মামলা সামলাতে কেউ বিক্রি করেছেন বসতভিটা, কেউ বন্ধক রেখেছেন স্বর্ণালংকার, আবার কেউ আরও বাড়িয়েছেন ঋণের বোঝা।
একাধিক ভুক্তভোগীর অভিযোগ, শহরের একটি
স্বর্ণালংকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সঞ্জীব কুমার বণিক দীর্ঘদিন ধরে তিনি উচ্চ
সুদে অর্থ ধার দিয়ে স্বাক্ষরযুক্ত ফাঁকা চেক, সাদা স্ট্যাম্প, জমির দলিল এবং স্বর্ণালংকার
জামানত হিসেবে রেখে দেন। পরে ঋণগ্রহীতারা টাকা পরিশোধ করলেও সেই নথি ফেরত না দিয়ে উল্টো
ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে আদালতে মামলা দায়ের করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া এলাকার
বাসিন্দা শতাব্দী ত্রিপুরার অভিযোগ, তিনি স্বর্ণালংকার ও সাদা চেক জামানত রেখে প্রায়
পৌনে তিন লাখ টাকা ধার নেন। পরে সুদ-আসলে তিন লাখ টাকা এবং অতিরিক্ত আরও এক লাখ টাকা
পরিশোধ করেও জামানতের স্বর্ণালংকার ও চেক ফেরত পাননি। বরং তার স্বামীর নামে প্রথমে
২৭ লাখ ৫০ হাজার টাকার দাবিতে আইনজীবীর নোটিশ এবং পরে ২০ লাখ ৫০ হাজার টাকার মামলা
করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তার ভাষায়, ঋণের চেয়ে অনেক বেশি টাকা
পরিশোধ করেছি। এখন উল্টো মামলায় আসামী হয়ে আদালতে ঘুরছি। সংসার চালানোই কঠিন হয়ে গেছে।
একই ধরনের অভিযোগ করেছেন সুরেন্দ্র
ত্রিপুরার পরিবার। তাদের দাবি, দুই লাখ টাকা ধার নিয়ে সুদ-আসলসহ পুরো অর্থ পরিশোধের
পরও এখন ৫৭ লাখ ৫০ হাজার টাকার মামলার মুখোমুখি হতে হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, এমন ঘটনা বিচ্ছিন্ন
নয়। শহরের বলপে পাড়া, ইসলামপুর, ঠাকুরছড়াসহ বিভিন্ন এলাকার মনিকা রানী দাশ, আসমা বেগম,
বিধু ভূষণ ত্রিপুরাসহ আরও অনেক পরিবার একই ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, জামানত
হিসেবে স্বর্ণালংকারের পাশাপাশি জমির কাগজ, স্বাক্ষরযুক্ত ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প
নিয়ে উচ্চ সুদে অর্থ দেওয়া হতো। নির্ধারিত সময়ে সুদ দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে
সুদ যোগ করা হতো। পরে ফাঁকা চেকে ইচ্ছেমতো বড় অঙ্ক বসিয়ে আইনজীবীর নোটিশ পাঠানো এবং
আদালতে মামলা দায়ের করা হতো। অনেকের দাবি, এসব মামলার ভয়ে কেউ জমি বিক্রি করেছেন, কেউ
স্বর্ণ হারিয়েছেন, আবার কেউ এলাকা ছেড়ে অন্যত্র চলেও গিয়েছেন।
জেলার বিভিন্ন মহলের প্রশ্ন, দাদন ব্যবসায়
স্বাক্ষরযুক্ত ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে মামলা করার অভিযোগগুলো তদন্ত করে
প্রকৃত ঘটনা উদঘাটন করা এখন সময়ের দাবি।
আইনজীবীদের মতে, ঋণের নামে যদি চড়া
সুদ, ফাঁকা চেকের অপব্যবহার কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনা ঘটে থাকে, তবে
তা শুধু দেওয়ানি বিরোধ নয়; প্রমাণ সাপেক্ষে ফৌজদারি অপরাধের বিষয়ও হতে পারে।
খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি
অশোক মজুমদার বলেন, বহু পরিবার আর্থিকভাবে ধ্বংস হয়ে গেছে বলে তিনি শুনেছেন এবং বিষয়টি
গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
খাগড়াছড়ি জুয়েলার্স সমিতির আহ্বায়ক
সঞ্জয় পাল বলেন, অভিযোগ থাকলেও সংগঠনের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।
তবে অভিযুক্ত সঞ্জীব কুমার বণিকের দাবি,
তিনি কোনো অবৈধ সুদ ব্যবসা পরিচালনা করেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
যেসব মামলা হয়েছে, সেগুলো আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে।
এবিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার
সাদাত বলেন, অবৈধ সুদ ব্যবসা আইনসম্মত নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।