× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশি অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২১:১১ পিএম

সাভার থানা। ছবি: সংগৃহীত

সাভার থানা। ছবি: সংগৃহীত

সাভারে পুলিশের তল্লাশি অভিযানের সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে বিপিএটিসি আবাসিক এলাকার চারতলা ভবনে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার না করেই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে, এমন অভিযোগ করেছেন তার স্বজনেরা। তবে পুলিশের দাবি, মনোয়ারুল ছাদ থেকে লাফ দিয়েছিলেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ।

নিহত মনোয়ার সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিরাপত্তা প্রহরী মুহম্মদ জাফর আলীর ছেলে। শুক্রবার দুপুরে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। 

পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে সৌমিক নামে এক ছেলে একটি মেয়েকে নিয়ে সাভারে মামার বাসায় পালিয়ে আসেন। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ সাভার মডেল থানায় আসেন।

পরে পীরগঞ্জ ও সাভার মডেল থানার পুলিশ মিলে মামা মনোয়ারুল হোসেন বকশীর বাসায় অভিযান চালায়। ভাগ্নে ও তার প্রেমিকা এর আগেই ওই বাসা থেকে চলে যান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামা মনোয়ারুল ছাদে পালাতে যান। এ সময় পুলিশও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। এরপর হঠাৎ মনোয়ারুল হোসেন পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। 

স্বজনদের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় মনোয়ারুলকে উদ্ধার বা হাসপাতালে নেয়ার কোনো উদ্যোগ না নিয়ে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা মুহম্মদ জাফর আলী অভিযোগ করে বলেন, পুলিশ আমার ছেলেকে উদ্ধার না করে দ্রুত স্থান ত্যাগ করে। আমি হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকেও নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঢাকা জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,  রংপুরের পীরগঞ্জ থানা থেকে এসআই কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি দল এসেছিল। বাইরে থেকে কোনো টিম এলে তারা আমাদের সহযোগিতা চায়। তারা জানিয়েছিল, একটি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাবে। বাসায় ওই ব্যক্তিকে না পেয়ে তারা ছাদে ওঠে। এরপর কী হয়েছে, সেটি তদন্তেই জানা যাবে। তাদের দাবি, মনোয়ারুল ছাদ থেকে লাফ দিয়েছেন।

এ ব্যাপারে উপপরিদর্শক কনক মনোরঞ্জন বর্মনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, পীরগাছা থানায় দায়েরকৃত একটি নিখোঁজ জিডির পরিপ্রক্ষিতে তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে বিপিএটিসি এলাকায় অভিযানে যায় পীরগাছা থানা পুলিশের একটি দল। সেখানে সাভার থানা পুলিশের সহযোগিতায় তারা অভিযানে অংশ নেয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা