কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:৫৪ পিএম
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে গণমাধ্যমকে এড়িয়ে চলা, ফোন রিসিভ না করা এবং ক্যামেরার সামনে ভিডিও বক্তব্য দিতে অনীহার অভিযোগ তুলেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিকদের দাবি, জেলার গুরুত্বপূর্ণ সমস্যা, উন্নয়ন ও সংকট নিয়ে প্রশাসনের অবস্থান জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশ সময় জেলা প্রশাসক ফোন না ধরে পিলিজ টেক্স মি লিখে বার্তা পাঠান। আর সরাসরি দেখা হলেও ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হন না। এতে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে গণমাধ্যমকর্মীদের অভিযোগ।
গত মঙ্গলবার সময় টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ সৈকত পাঁচ বছর ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নিতে তার কার্যালয়ে যান। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানোর পরও তিনি কোনো বক্তব্য দেননি।
বাদশাহ সৈকতের ভাষ্য, বক্তব্য না দেওয়ার কারণ জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, আমিসহ আমার প্রশাসনের কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলবে না।
ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে বাদশাহ সৈকত লেখেন, কোনো গোপন রহস্যে সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতে চান না কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ, জানতে চায় জাতি!
সাংবাদিকদের অভিযোগ, জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার কোনো গণমাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য দেননি। এমনকি তার অনুমতি ছাড়া উপজেলা ইউএনওসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারাও ক্যামেরায় কথা বলতে আগ্রহী নন। এতে প্রশাসনের জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মোবাইলে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।