উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত প্রায় ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সরকারি প্রকল্পের অর্থ সাশ্রয় করে ফেরত দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুঠিয়া ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার খাল খননের জন্য সরকার দুই কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেনের বাস্তবায়নে প্রকল্পের কাজ সম্পন্ন হয়। কাজ শেষ হওয়ার পর হিসাব-নিকাশ করে প্রায় ৬০ লাখ টাকা অব্যয়িত থাকে। পরে ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘খাল খনন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ জনগণের করের টাকা। সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের এই অর্থের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর যে অর্থ উদ্বৃত্ত ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকার এ অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে।’