রাজশাহী অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:০০ পিএম
রাজপাড়া থানা। ছবি: সংগৃহীত
রাজশাহীর একটি স্কুলের ছয়তলা ভবন থেকে পড়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে তা নৃশংস হত্যাকাণ্ড বলে প্রচার হওয়ায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বুলনপুর এলাকায় মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) অষ্টম শ্রেণিতে পড়ত। তার বাবা আজিজুল হক একজন পুলিশ সদস্য।
স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে প্রকৃত ঘটনা তুলে ধরে বিবৃতি দেওয়া হয়েছে। এমন কি নিহতের পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে তাদের মেয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
আনোয়ারুস সাদাত নামের এক ব্যক্তি তার ফেসবুকে ১৫ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়ে লেখেন, বৃহস্পতিবার রাজশাহী শহরে স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে ছয়তলা থেকে নিচে ফেলে দেয় খুনিরা। স্কুলের ক্লাস চলাকালীন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দিতে সরকারি দলের ও বিরোধী দলের অনেককে ম্যানেজ করা হয়ে গেছে বলে লোকমুখে শোনা যাচ্ছে। রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সংবাদটি প্রচার না করার জন্য বলা হয়েছে বলে বিক্ষুব্ধ হন অভিভাবক, এলাকাবাসী এবং কোর্ট অঞ্চলের লোকজন। বিক্ষোভ মিছিলটির নেতাদের কিছু টাকা দেওয়ায় তারা আর মিছিল করেনি।
অন্যদিকে মেয়ের মৃত্যুর ব্যাপারে কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলে নিশ্চিত করেছেন নিহত ছাত্রীর বাবা আজিজুল হক। তিনি বলেন, আমার মেয়ের টিউবার কুলার মেনিনজাইটিস রোগে ভুগছিল। এটাতে যক্ষ্মার জীবাণু ব্রেনের বিভিন্ন স্থানে গিয়ে আক্রমণ করে। প্রতিদিন ৩ থেকে ৪ বার আমার মেয়ে মূর্ছা যেত। ধারণা করছি স্কুলেও মূর্ছা যায় এবং ওই অবস্থাতেই পড়ে গিয়েছে। তার লাশ বৃহস্পতিবার রাতে দাফন করা হয়েছে। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
নগরের রাজপাড়া থানার ওসি জানান, সকালে ক্লাসরুমে অর্ধবার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছিল। ফল শোনার পর ওই শিক্ষার্থী শৌচাগারে যাওয়ার কথা বলে তিনতলার ওই শ্রেণিকক্ষ থেকে বের হয়। এরপর সে পাশের আরেকটি ছয়তলা ভবনে যায় এবং সেখান থেকে পড়ে যায়।