× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত বনের ৭ অবৈধ বাঁধ উচ্ছেদ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:৫১ পিএম

গলাচিপায় অভিযান চালিয়ে বনাঞ্চলের বিভিন্ন খালে নির্মিত ছোট-বড় সাতটি অবৈধ বাঁধ অপসারণের পাশাপাশি জবরদখলের উদ্দেশ্যে নির্মিত চারটি কাঠের ঘর উচ্ছেদ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গলাচিপায় অভিযান চালিয়ে বনাঞ্চলের বিভিন্ন খালে নির্মিত ছোট-বড় সাতটি অবৈধ বাঁধ অপসারণের পাশাপাশি জবরদখলের উদ্দেশ্যে নির্মিত চারটি কাঠের ঘর উচ্ছেদ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে জলজ প্রাণী, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে বন বিভাগ। অভিযান চালিয়ে বনাঞ্চলের বিভিন্ন খালে নির্মিত ছোট-বড় সাতটি অবৈধ বাঁধ অপসারণের পাশাপাশি জবরদখলের উদ্দেশ্যে নির্মিত চারটি কাঠের ঘর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফারমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বনাঞ্চলের বিভিন্ন খালে অবৈধভাবে এসব বাঁধ নির্মাণ করে মাছ আহরণ করা হচ্ছিল। বাঁধের কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। এতে বনাঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছিল।

অভিযানের সময় পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফারমা বনাঞ্চলের ভেতর ও সংলগ্ন বিভিন্ন খালে অবৈধভাবে নির্মিত সাতটি বাঁধ শনাক্ত করা হয়। পরে বড় ও ছোট শাখা খাল থেকে বাঁধগুলো কেটে অপসারণ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় ওই এলাকায় প্রায় ২৫০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়। সম্প্রতি ওই বাগানের ভেতরে জবরদখলের উদ্দেশ্যে অবৈধভাবে ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে টিনের ছাউনিযুক্ত চারটি কাঠের ঘর উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযানের সময় ঘর নির্মাণের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

গলাচিপা পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, স্থানীয়ভাবে মাছ আহরণের উদ্দেশ্যেই সাধারণত এসব বাঁধ নির্মাণ করা হয়। শীত মৌসুম শেষে মাছ ধরার কার্যক্রম শেষ হলে স্থানীয়রা বাঁধগুলো অপসারণ করে দেন। তবে বর্ষা মৌসুম শুরু হলে একই স্থানে আবার বাঁধ নির্মাণের প্রবণতা দেখা যায়, যা সংরক্ষিত বনাঞ্চলের জন্য উদ্বেগের বিষয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোফরেস্ট্রি ও ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. আলমগীর কবির বলেন, উপকূলীয় বনাঞ্চলের খালগুলো জোয়ার-ভাটার পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি মাছ, কাঁকড়া, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন ও বিচরণের গুরুত্বপূর্ণ আবাসস্থল।

তিনি বলেন, এসব খালে অবৈধ বাঁধ নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

গলাচিপা রেঞ্জ কর্মকর্তা নয়ন চন্দ্র মিস্ত্রী জানান, অবৈধ বাঁধ অপসারণের সময় ঘটনাস্থলের স্থিরচিত্র সংরক্ষণ করা হয়েছে। বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা