কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৭:৪৬ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তারকৃত মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর ও র্যাব-৪ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। ঢাকার মিরপুরে মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়। নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা জানান, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে নিশ্চিত হয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।