× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

পীরগাছায় ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, মামলা নিতে পুলিশের গড়িমসি

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৩:৫৭ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৪:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও নিয়মিত যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত এজাহার দিলেও পুলিশ মামলা রুজু করছে না। এদিকে অভিযুক্ত ধর্ষক ও তার পরিবারের লোকজন মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ষিত কিশোরী ও তার পরিবারের লোকজন।

উপজেলার ৯ নং কান্দি ইউনিয়নের প্রত্যন্ত পল্লী পূর্ব পাঠকশিকড় গ্রামে এই ঘটনা ঘটেছে ।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের দেওয়া অভিযোগে জানা যায়, একই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিজানুর রহমানের ছেলে রাকিব মিয়া প্রায় এক বছর আগে প্রতিবেশি দরিদ্র পরিবারের এক কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে ব্যর্থ হয়ে সে কিশোরীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। এতে রাজি না হলে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় সাত মাস আগে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রাকিব মিয়া। পরে ঘটনা জানাজানি হলে হত্যার হুমকি এবং দ্রুত বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষিতা কিশোরীকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে। পরবর্তী সময়ে এই সুযোগকে কাজে লাগিয়ে কিশোরীর সঙ্গে নিয়মিত যৌন সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত সোমবার সকালে আবারও একইভাবে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যৌন মেলামেশার পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত রাকিব মিয়া। পরে পরিবারের সদস্যরা অসুস্থ্য অবস্থায় কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের দুই দিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ এ ব্যাপারে মামলা রুজু করেনি বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত রাকিব মিয়া প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ফলে ধর্ষিতা কিশোরীর সুবিচার প্রাপ্তি ও তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ওসি সেলিম মালিক লিখিত এজাহার প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সব বিষয়ে জানতে অভিযুক্ত রাকিব মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে, তরা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা