চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১২:২৪ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন। ছবি: ভিডিও থেকে
চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নগরের পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় নওফেল ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গত দুই বছরে ওই বাসভবনে এটি চতুর্থ দফার হামলার ঘটনা।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল চশমা হিলের বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত।”
তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহেদুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর হয়।