চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ০৮:৪৪ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১০:২১ এএম
সীতাকুণ্ডে উচ্ছেদ অভিযান চালিয়ে ১৯৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। ছবি: প্রবা
সীতাকুণ্ডের উত্তর সলিমপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ১৯৪ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
অভিযান শেষে উদ্ধার হওয়া এসব জায়গা সরকারের নিয়ন্ত্রণে এনে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে আশরাফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর কাছেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভ রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট, প্রায় শতাধিক দোকান ও প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং বড় দুইটি দৃষ্টিনন্দন পুকুরসহ ১৯৪ দশমিক ১৮ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এসব জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে রমরমা ব্যবসা করছিল দখলদাররা। জেলা প্রশাসকের নির্দেশনায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান পরিদর্শনে আসেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন পুলিশ সদস্যরা।