× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সাতজন নিহতের পর অবরোধের মুখে স্পিড ব্রেকার নির্মাণ শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:২০ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১১:২১ এএম

স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হওয়ার ঘটনায় স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর পর স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন।

নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ছয়টা থেকে দুর্ঘটনাস্থলে অবরোধ চলায় মহাসড়কের দুই পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ বলেন, দুর্ঘটনায় নিহত সাতজনের প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয়রা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলের সামনেই এরুলিয়া উচ্চবিদ্যালয়। প্রতিদিন বিদ্যালয়ের সামনে দিনমজুরদের শ্রমিকের হাটও বসে। অথচ গুরুত্বপূর্ণ এই স্থানে কোনও স্পিড ব্রেকার ছিল না। বিদ্যালয় ও শ্রমিকের হাট থাকার বিষয়ে চালকদের সতর্ক করতে প্রয়োজনীয় সড়কচিহ্নও ছিল না।

অবরোধে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তাদের ভাষ্য, বিদ্যালয়ের শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ মানুষের নিয়মিত চলাচল থাকলেও নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা ছিল না। এর ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।

এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।

বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, “ঢাকা থেকে নওগাঁগামী বাসটি এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিদের সবাই দিনমজুর। তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গাইবান্ধার আমিরুল, নূর আলম ও বেলাল এবং জয়পুরহাটের তাজমুল। আহত অন্তত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা