সিলেট অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১০:৩৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম
প্রতীকী ছবি।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার পর এবার সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কাশিকাপন এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে শুক্রবার ভোরে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন।