× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস অপচয়ের পর বন্ধ হলো পাইপলাইনের ছিদ্র

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:৫৬ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ছিদ্র প্রায় দুই মাস পর সফলভাবে মেরামত করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ছিদ্র প্রায় দুই মাস পর সফলভাবে মেরামত করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ছিদ্র প্রায় দুই মাস পর সফলভাবে মেরামত করা হয়েছে। এর ফলে কিশোরগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাইপলাইনের ছিদ্র পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

এর আগে বুধবার রাত ১১টার দিকে তিতাস গ্যাসের প্রকৌশলীরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পাইপলাইনের ছিদ্র স্থায়ীভাবে বন্ধ করেন। 

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই মাস ধরে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় নদীর পানির নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা যায়। শুরুতে নির্গমন কম থাকলেও সময়ের সঙ্গে তা বাড়ে। শেষ দুই সপ্তাহে গ্যাসের চাপ বেড়ে গিয়ে পানির ওপর ফোয়ারার মতো গ্যাস বের হতে থাকে। মেরামতকাজ চলাকালে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ছিদ্র মেরামতের পর অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি, অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার উদ্দেশ্যে উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনে প্রায় দেড় ইঞ্চি আকারের ছিদ্র করা হয়েছিল। তবে অতিরিক্ত চাপের কারণে সংযোগ নেওয়া সম্ভব হয়নি। পরে তিন স্তরের পাইলিং করে পাইপের চারপাশের পানি সরিয়ে ওয়েল্ডিংয়ের মাধ্যমে ছিদ্রটি স্থায়ীভাবে বন্ধ করা হয়।

তিতাস গ্যাসের ময়মনসিংহ বিভাগের সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স শাখার আঞ্চলিক অপারেশন (ভালুকা) ব্যবস্থাপক মো. শামীম হোসেন বলেন, কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে সফলভাবে ছিদ্রটি বন্ধ করা সম্ভব হয়েছে। অতিরিক্ত সুরক্ষার জন্য পাইপলাইনে উন্নতমানের বিশেষ টেপ ব্যবহার করা হবে। তার ভাষ্য, প্রাথমিক হিসাবে শেষ কয়েক দিনে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার গ্যাস অপচয় হয়েছে।

তবে মেরামতকাজে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ছিদ্রটি এক ইঞ্চিরও বেশি ছিল এবং গ্যাসের চাপ অত্যন্ত বেশি ছিল। তাদের ধারণা, শেষ দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার গ্যাস অপচয় হয়েছে। সব মিলিয়ে অন্তত ২০ কোটি টাকার গ্যাস অপচয় হয়ে থাকতে পারে।

এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় গত ৪ আগস্ট কটিয়াদী থানায় মামলা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মামলায় সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি চুন কারখানার মালিক দেলোয়ার হোসেন তালুকদারকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া জমির মালিক সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলার কাজীরচর এলাকার দুই জমির মালিক মো. সুলতান উদ্দিন আকন্দ ও মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি দেলোয়ার হোসেন তালুকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ৩ আগস্ট কটিয়াদীর কাজীরচর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে তিতাস গ্যাসের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ দল মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। সরকারের একাধিক সংস্থার তদন্তে অবৈধ গ্যাস সংযোগের চেষ্টাকেই এ ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন অবৈধ চুন কারখানাটি উচ্ছেদ করে। কারখানা থেকে জব্দ করা ৭ হাজার ৮০০ ঘনফুট চুনাপাথর মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভবিষ্যতে এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পর চুন কারখানার সঙ্গে সম্পৃক্ত দুই জমির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা