কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:৫৪ পিএম
কুড়িগ্রাম ধরলা সেতু এলাকার চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উজানের ঢল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী জেলার প্রায় সব নদীতেই পানি বেড়েছে। তবে এখনও কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।
পাউবোর তথ্যমতে, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে গত ৯ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বেলা ৩টায় বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিকাল পর্যন্ত পানির বৃদ্ধির প্রবণতা স্থিতিশীল রয়েছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ২৫ দশমিক ১৪ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার ৯১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে সকাল থেকে সামান্য ওঠানামার পর বেলা ৩টায় পানি ২৯ দশমিক ১৯ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদরে ১৮ দশমিক ৫ মিলিমিটার, চিলমারীতে ৩৩ মিলিমিটার এবং পাটেশ্বরী এলাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘নদীর পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।’