× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্ভাবনার আকাশে মারণফাঁদের ছায়া

​আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২১:৪০ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ২১:৪৫ পিএম

সেতুর সংযোগ সড়কের বিভিন্ন অংশে মাটি ধসে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

সেতুর সংযোগ সড়কের বিভিন্ন অংশে মাটি ধসে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু চালুর এক বছর পূর্ণ হওয়ার আগেই এর সংযোগ সড়ক ও আশপাশের অবকাঠামোয় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন ও ঝুঁকি। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুকে ঘিরে যে যোগাযোগ, কৃষি, শিল্প ও পর্যটনের নতুন সম্ভাবনার কথা বলা হয়েছিল, ত্রুটিপূর্ণ নির্মাণকাজ ও দুর্বল তদারকির অভিযোগে সেই সম্ভাবনাই এখন পরিণত হয়েছে শঙ্কায়। সেতু ও সংযোগ সড়কের বিভিন্ন অংশে মাটি ধসে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফলে দুই জেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের স্বপ্নের এই স্থাপনা এখন যেন সম্ভাবনার আকাশে মারণফাঁদের ছায়া।

​উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগে সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের 'মাওলানা ভাসানী সেতু' নির্মাণে সম্পূরক প্রকল্পের ১৯টি প্যাকেজে বরাদ্দ দেওয়া হয় ৯২৫ কোটি টাকা। এ সেতুর উত্তরের সীমানা থেকে চিলমারী অভিমুখে ৮০০ মিটার দূরে হরিপুর ইউনিয়নের হরিপুর মৌজাস্থ শহরমোড় নামক স্থানে তিস্তার একটি শাখা নদীর ওপর নির্মাণ করা হয় ৩০ মিটার করে দুটি ও ৩৬ মিটারের একটিসহ মোট তিনটি স্প্যানে ৯৬ মিটার দৈর্ঘ্যের আরেকটি আর্চব্রিজ। এ ব্রিজটি নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ৯ কোটি ৬৬ লাখ টাকা।

বুধবার সরেজমিনে দেখা যায়, সুন্দরগঞ্জের হরিপুর মৌজার শহরমোড় এলাকায় তিস্তার শাখা নদীর ওপর নির্মিত ৯৬ মিটার দীর্ঘ আর্চব্রিজ থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার খড়খড়িয়া মৌজার তেলীপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশের মাটি বিভিন্ন স্থান ধসে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। কোনো কোনো অংশে রাস্তার পাশের মাটি সরে গিয়ে সড়কের কার্যকর প্রশস্ততা কমে গেছে।

একই চিত্র দেখা গেছে বেলকা হয়ে সুন্দরগঞ্জ উপজেলা সদর পর্যন্ত সড়কে। গাইবান্ধা-কুড়িগ্রাম জেলার সীমানার ‘দুই থানার মোড়’ থেকে আর্চব্রিজ এবং মাওলানা ভাসানী সেতু থেকে লক্ষ্মীপুর জিসি পর্যন্ত ২০ দশমিক ০৮০ কিলোমিটার সংযোগ সড়কের বিভিন্ন অংশেও দেখা গেছে ভাঙন ও মাটি ধসের চিহ্ন।

​এলজিইডি সূত্র জানায়, তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার এবং প্রস্থ ৩৯ দশমিক ৬ মিটার। প্রকল্পের আওতায় বন্যা ও নদীভাঙন রোধে দুই প্রান্তে মোট চার কিলোমিটার নদীশাসন, ৬০ কিলোমিটার পাকা সড়ক, ১১টি সেতু ও ৩৭টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এর বাইরে আরও ৮০ কিলোমিটার সড়ক উন্নয়ন, মাটি ভরাট ও জমি অধিগ্রহণ করা হয়।

সম্পূরক প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ৯২৫ কোটি টাকা। এর মধ্যে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) দেয় ৬৩২ কোটি টাকা এবং সরকারি তহবিল থেকে আসে ২৯৩ কোটি টাকা। মূল তিস্তা সেতু নির্মাণ করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আর হরিপুরের শহরমোড় এলাকায় তিস্তার শাখা নদীর ওপর নির্মিত ৯৬ মিটার দীর্ঘ আর্চব্রিজে ব্যয় হয়েছে ৯ কোটি ৬৬ লাখ টাকা।

২০১২ সালে একনেকে প্রকল্পটি অনুমোদন পায়। ২০১৪ সালের ২৫ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০২০ সালের সেপ্টেম্বরে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কয়েক দফা সময় ও মেয়াদ বাড়ানোর পর ২০২৫ সালের ২০ আগস্ট সর্বসাধারণের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। নামকরণ করা হয় ‘মাওলানা ভাসানী সেতু’।

সেতুটি চালুর ফলে সুন্দরগঞ্জ ও চিলমারীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হওয়া, ছোট-মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন বিকাশের প্রত্যাশা ছিল স্থানীয়দের। কিন্তু সংযোগ সড়কের বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশাকে অনেকটাই ম্লান করে দিয়েছে।

​সেতু চালুর আগেই প্রকল্পের ব্যয়, নির্মাণকাজের ধীরগতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছিল। বর্তমানে সংযোগ সড়কের বিভিন্ন অংশে মাটি ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সড়কের ভাঙন সম্পর্কে জানতে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, সংযোগ সড়কের সমস্যা সমাধানে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। অর্থ বরাদ্দ এসেছে।

কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। পরে সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আবু তৈয়ব সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা