ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২১:২০ পিএম
ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সংকটে জর্জরিত হয়ে পড়েছে। ৭০ শতাংশ মানুষের গণরায় উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।
বৃহস্পতিবার বিকালে ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই; আংশিক সংশোধন মেনে নেব না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা বন্ধ করতে হবে। ১৯৭২ সালে অন্য দেশের সংবিধান অনুকরণ করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে সংবিধানের মৌলিক বিষয়গুলো ক্ষুণ্ণ করা হয়েছে।
খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন খেলাফত যুব মজলিস ফেনী জেলার সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ জুনায়েদ এবং জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।