তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম
কিশোরগঞ্জের তাড়াইলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এক পরীক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের তাড়াইলে এইচএসসি পরীক্ষায় দেখা গেছে বিরল এক চিত্র। দুই কেন্দ্রে পরীক্ষার্থী মাত্র দুজনÑ প্রতিটি কেন্দ্রে একজন করে। অথচ দুই কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন কেন্দ্র প্রতি ১৭ জন করে মোট ৩৪ জন কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরীক্ষার্থী একজন হলেও আয়োজনের কোনো কমতি ছিল না।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পরীক্ষায় উপজেলার দুটি কেন্দ্রের প্রতিটিতে অংশ নেন মাত্র ১ জন করে পরীক্ষার্থী। তবে পরীক্ষার্থী একজন হলেও বোর্ডের নিয়ম মেনে প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১৭ জন কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
জানা গেছে, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্র থেকে হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাকিব মিয়া এবং তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিয় রঞ্জন বর্মন পরীক্ষায় অংশ নেন। দুজন পরীক্ষার্থীর জন্য দুটি কেন্দ্রে হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক, সহায়ক কর্মচারী, পুলিশ ও নির্বাহী কর্মকর্তাসহ মোট ৩৪ জন জনবল নিয়োজিত ছিল।
পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীর সংখ্যা যত কমই হোক না কেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।