মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:২৫ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুই বছর ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মাগুরার শ্রীপুর উপজেলার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে। সূত্র জানায়, এ বছরের জুলাই পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া। গত বছর ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকার বিদ্যুৎ বিল দেওয়া হয়। বকেয়া বিল দেওয়ার পরও ২০২৪ সালের মে মাস থেকে এ বছরের জুলাই মাস পর্যন্ত মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকা।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল আওয়াল জানান, বিদ্যুৎ বিভাগ থেকে দুই থেকে তিনবার বকেয়া বিল পরিশোধের জন্য সতর্ক করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও বাজেট সংকটের কারণে বিল পরিশোধ করা সম্ভব হয়নি।
সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় গর্ভবতী নারীদের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর স্বজনরা হাতপাখা দিয়ে বাতাস নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসাসেবা নিতে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। রোগীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি ভীষণ কষ্টকর হয়ে উঠছে।
শ্রীপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক বলেন, দুই বছরের বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে বছরে দুইবার অধিদপ্তর থেকে বিদ্যুৎ বিল দেওয়া হতো। অনেক দিন বন্ধ থাকার পর বর্তমানে পর্যায়ক্রমে বিল দিচ্ছে অধিদপ্তর। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিল দেওয়া হবে।
শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিস ও সতর্ক করা হয়েছে।
একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। রোগীদের স্বার্থে দ্রুত বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।