নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বন্দর থানার ওসি জামাল উদ্দিন।
তিনি বলেন, গত বুধবার রাত ১১টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন নিহত ওই যুবক। নিহতের নাম ডালিম আলী। ৩৬ বছর বয়সী ডালিম ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ডালিমের সঙ্গে মাদক ব্যবসায় অভিযুক্ত শুভকরদী এলাকার হাবিবের দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে বুধবার রাতে থাকে ছুরি দিয়ে আঘাত করে হাবিব। হাবিব চিহ্নিত মাদক ব্যবসায়ী ব্ল্যাক জনির অনুসারী বলে পরিচিত।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আহত অবস্থায় ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তার মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে।
অভিযুক্ত হাবিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।