বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:০৬ পিএম
জীবন আহমেদ লিটন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে দোকানে যাওয়া এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এনসিপির হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আহ্বায়ক জীবন আহমেদ লিটনসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সোমবার বানিয়াচং থানায় জমা দেওয়া এজাহার বুধবার রাতে এফআইআর হিসেবে নথিভুক্ত হয়। জীবন আহমেদ লিটন উপজেলা সদরের শেখের মহল্লা গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। অপর আসামি কৃষ্ণ রায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরীর বাবা উল্লেখ করেন, গত ২ জুলাই দুপুর ২টার দিকে মেয়েকে নিয়ে জন্মতারিখ অনলাইনে সংশোধনের জন্য বানিয়াচং বড় বাজারের ‘হাসি খুশি ডিজিটাল স্টুডিও’তে যান। সেখানে অভিযুক্তরা তাকে পান-সিগারেট আনার কথা বলে ৫০ টাকা দিয়ে বাইরে পাঠান। এ সুযোগে স্টুডিওতে একা থাকা কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে অশালীন আচরণ করেন জীবন আহমেদ লিটন।
এজাহারে আরও বলা হয়, পরে বিষয়টি বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানকে জানানো হলে তিনি সামাজিকভাবে মীমাংসা করে দেন। তবে তার বাড়ি থেকে ফেরার পথে জীবন আহমেদ লিটন তাদের পথরোধ করে প্রাণনাশের হুমকি দেন এবং জোর করে একটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা এবং মামলা না করতে বাদীকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জীবন আহমেদ লিটন আত্মগোপনে রয়েছেন। তার অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত হয়েছে। ভুক্তভোগীর বয়স কম হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।