আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের একাংশ অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন গ্রামবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের একাংশ অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্গাপুর, বাহাদুরপুর, সোহাগপুর ও তাজপুর এলাকার বাসিন্দারা অংশ নেন।
বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেহেন্দিপুর এলাকায় ইজারা নেওয়ার কথা থাকলেও একটি প্রভাবশালী চক্র আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন করছে। এর ফলে চর সোনারামপুর গ্রামসহ মেঘনার তীরবর্তী দুর্গাপুর, বাহাদুরপুর, সোহাগপুর ও তাজপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি এবং বসতভিটা মারাত্মক নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
এ সময় বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান বলেন, যে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে, সেটি কিশোরগঞ্জ জেলার মির্জাপুর মৌজায়। কিন্তু ড্রেজারগুলো আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর মৌজার নদীতীর থেকে ১০০ মিটারেরও কম দূরত্বে বালু উত্তোলন করছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন, পিডিবির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার হুমকির মুখে পড়বে। পাশাপাশি আশুগঞ্জ থেকে চুয়াচর, বাহাদুরপুর, দুর্গাপুর, তালশহর হয়ে পানিশ্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দুই-এক বছরের মধ্যেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় জুবায়ের হায়দার বুলু বলেন, মেঘনা নদীর ওপর দুটি রেলসেতু ও একটি সড়ক সেতুসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। এ ছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রও এই নদীর তীরে অবস্থিত। অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এসব জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়বে।
মহাসড়ক অবরোধের খবরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।