নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৮:১৬ পিএম
প্রতীকী ছবি
অটোরিকশা (দোলনা) চালক কামাল হোসেনের (৩৫) মরদেহ বাড়ির দরজার সামনে পড়েছিল।
রাত ১১টার দিকে অপেক্ষমাণ স্ত্রী বাড়ির ভেতরের দরজা
খুলে উঠানে বেরিয়ে এলে দেখেন তার স্বামীর নিথর দেহটি পড়ে রয়েছে ঘরের দরজার সামনে।
গলায় ছিল ক্ষতের চিহ্ন। আর পাশেই রয়েছে আয় উপার্জনের
দোলনা গাড়িটি।আকস্মিক এমন দৃশ্যে তিনি হতবিহ্বল হয়ে চিৎকার করলে রাতের আঁধার
ভেদ করে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা।
খবর দেওয়া হয় থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত কামাল মুন্দিখৈর গ্রামের
সাইদুর রহমানের ছেলে।
রহস্যজনক মৃত্যুর এমন ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টার
দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে।
জানা যায়, কামাল হোসেন প্রতিদিনের মতই বুধবার সকালে
গাড়ি নিয়ে বের হন। সারাদিন দোলনা গাড়ি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেন। এরপর
পরিবারের সঙ্গে দেখা করে তিনি নিকটবর্তী ভেরেন্ডী বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে
পড়েন। এরপর রাত ১১টার দিকে তার মরদেহ পাওয়া যায় তারই বাড়ির উঠানে ঘরের দরজার
সামনে।
নিহতের স্ত্রী সামিয়ারা জানান, স্বামীর খোঁজখবর
নিতে রাত সাড়ে ৮টার দিকে স্বামীর নাম্বারে ফোন করে শেষ কথা হয় তার। এরপর
কামালের বাড়ি ফিরতে দেরি হলে রাত ১১টার দিকে ঘরের দরজার বাইরে এসে দেখি অটো
ভ্যানের পাশে পড়ে আছে কামালের মৃত দেহ। গলায় আঘাতের চিহ্ন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।