ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রবাসীদের অবদানের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
তিনি বলেন, “শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনেও প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন, আবার অনেকে বিদেশে আন্দোলন করতে গিয়ে কারাভোগও করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে”।
অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “কঠিন সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। তাদের অবদানের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ”।
উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উপদেষ্টা উসমান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক শুক্কুর খাঁন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সৌদি আরব প্রবাসী আব্দুল আলীম সমুকে প্রধান উপদেষ্টা করে এবং বাড়াইল ইউনিয়নের রায়হান উদ্দিন মিন্টুকে সভাপতি ও সুমন মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নবীনগর উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির ৯২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।