চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৫:৫৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ১৬:০১ পিএম
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি (এলএনজি) টার্মিনাল প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।
টার্মিনালটির একটি বয়লার থেকে বৃহস্পতিবার ভোররাতে গ্যাস
সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড
(আরপিজিসিএল) কর্মকর্তারা।
তবে চালু হলেও টার্মিনালটি থেকে এখনই মিলছে না পূর্ণ সক্ষমতার গ্যাস। টার্মিনালটির একটি বয়লার থেকে এখন গ্যাস সরবরাহ করা হচ্ছে, দ্বিতীয় বয়লার চালু হলেই মিলবে পূর্ণ সক্ষমতার গ্যাস।
নাম প্রকাশ না করার শর্তে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড-এর এক কর্মকর্তা জানান, বুধবার রাত সোয়া ৩টার দিকে মেরামত শেষে টার্মিনালটির একটি বয়লার থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। টার্মিনালটি থেকে সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু হতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
টার্মিনালটি দিয়ে গ্যাস সরবরাহ চালু হওয়ায় গত কয়েকদিন দেশে যে গ্যাস সংকট তৈরি হয়েছে সেটি কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই টার্মিনালটি দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি চালু হলে আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমে যাবে।
কক্সবাজারের মহেশখালীতে স্থাপন করা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা গ্যাস সারা দেশে সরবরাহ করা হয়। এর একটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি, অন্যটি পরিচালনা করে দেশীয় সামিট গ্রুপ।
এক্সিলারেটের টার্মিনালের দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই এলএনজি বহনকারী জাহাজ থেকে ভাসমান টার্মিনালে জ্বালানি খালাসের সময় বয়লারে আগ্নিকানণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী এনে টানা ১৫ দিনের মেরামত কাজ শেষে অবশেষে টার্মিনালটি আবার সচল করা হয়েছে।
এ সম্পর্কে জানতে আরপিজিসিএল মহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে ওই সংস্থার এক ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভোররাত থেকে টার্মিনালটি একটি বয়লার থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এখন ১০০ থেকে ১১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবার করা হচ্ছে। বিকেল থেকে এই বয়লার থেকে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
তিনি আরও জানান, টার্মিনালটি থেকে পূর্ণমাত্রায় গ্যাস
সরবরাহ করতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। টার্মিনালটির দুটি বয়লারের মধ্যে এখন
একটি বয়লার মেরামত করে চালু করা হয়েছে। বাকি বয়লার মেরামত করতে আরও কিছু দিন সময়
লাগবে। ওই বয়লারের মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত এই টার্মিনালটি থেকে সর্বোচ্চ
৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
এক্সিলারেটর এনার্জি এবং সামিট এনার্জি পরিচালিত দুটি টার্মিনাল থেকে দৈনিক ১০৫০ থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে এক্সিলারেটর এনার্জির টার্মিনাল থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। আর সামিট এনার্জির টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ করা হতো ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সেটি সম্ভব হচ্ছে না। আরপিজিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, এখন সামিট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এক্সিলারেটর এনার্জির একটি বয়লারের মাধ্যমে সরবরাহ করা যাবে সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস।