× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলা প্রশাসকের কাছে অভিযোগ

মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ প্রকল্পে ঘুষ দাবি

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৫:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘরহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ প্রকল্পে ১৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। 

অভিযোগে বলা হয়েছে, দাবি করা অর্থ না দেওয়ায় প্রথম দফার দরপত্র কার্যকর করা হয়নি। পরে পুনরায় দরপত্র আহ্বান করা হলেও দীর্ঘ সময় ধরে লটারির তারিখ নির্ধারণ না করায় প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারসহ একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মে মাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১৮ জন ঘরহীন মুক্তিযোদ্ধার জন্য গৃহ নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স হক কনস্ট্রাকশন কাজটি পাওয়ার যোগ্যতা অর্জন করে। অভিযোগ অনুযায়ী, কার্যাদেশ দেওয়ার আগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনির হোসেনের কাছে ১৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন পিআইও দেলোয়ার হোসেন। ওই টাকা দিতে না চাইলে কার্যাদেশ ঝুলিয়ে রাখা হয়।

সংশ্লিষ্টদের দাবি, বিষয়টি নিয়ে উপজেলা ইউএনও ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সমাধানের উদ্যোগ নিলেও কোনো অগ্রগতি হয়নি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় বিধি অনুযায়ী পুনরায় দরপত্র আহ্বান করা হয়।

পুনঃদরপত্রে ৮ থেকে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কিন্তু এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখন লটারির তারিখ নির্ধারণ করা হয়নি। এতে প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ঠিকাদার আবু সাঈদ বলেন, একজন কর্মকর্তার সিদ্ধান্তের কারণে পুরো প্রকল্প কার্যত স্থবির হয়ে আছে। এতে ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্য ঠিকাদার শফিউজ্জামান তোফায়েল বলেন, প্রথম দরপত্রে কাজ পাওয়ার পর আমাদের কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। আমরা সেই দাবি প্রত্যাখ্যান করি। কারণ, এত বড় অঙ্কের উৎকোচ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে মুক্তিযোদ্ধাদের জন্য মানসম্মত ঘর নির্মাণ সম্ভব হতো না। পরে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিই।

একাধিক ঠিকাদার জানান, পুনঃদরপত্রে অংশ নিতে তাদের ১২ কোটিরও বেশি টাকার পে-অর্ডার ব্যাংকে আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে দরপত্র প্রক্রিয়া ঝুলে থাকায় প্রতিদিন ব্যাংক সুদের বোঝা বাড়ছে। তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পিআইও দেলোয়ার হোসেন। তিনি বলেন, ঘুষ দাবির অভিযোগ মিথ্যা। প্রথম দরপত্রে ৫৮টা সিডিউল বিক্রি হয়। ঠিকাদাররা সমঝোতা করে ৪টি সিডিউল জমা দেন। সরকারের টাকা সাশ্রয় করার জন্য রি- টেণ্ডার করা হয়েছে। এবার ১৫৮টি সিডিউল জমা পড়েছে। আগামী ১১ আগস্ট লটারি করা হবে।

সিএসসহ বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগছে। সে কারণেই লটারির তারিখ দেরি হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে কতিপয় ঠিকাদার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা