× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়ানক স্বাস্থ্যঝুঁকি

দুই শতাধিক শিক্ষার্থীর একটি শৌচাগার

নজরুল ইসলাম, ফরিদগঞ্জ (চাঁদপুর)

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৪:২৬ পিএম

 সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনদুর্ভোগ শুধু জরাজীর্ণরা স্তাঘাটের সমস্যাতেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় ২০০ শিক্ষার্থী ও শিক্ষক থাকলেও তাদের ব্যবহারের জন্য রয়েছে মাত্র একটি শৌচাগার, যা প্রায় ব্যবহার অযোগ্য। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শৌচাগারটির দেয়ালের আস্তর খসে পড়েছে, ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা  প্রয়োজন থাকা সত্ত্বেও শৌচাগার ব্যবহার করতে ভয় পায়। বিশেষ করে ছাত্রীদের জন্য এ পরিস্থিতি আরও বিব্রতকর ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

অভিভাবক ও স্থানীয়দের  অভিযোগ, বারবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, একটি নিরাপদ ও আধুনিক ওয়াশব্লক নির্মাণ এখন সময়ের দাবি। 

এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভবনটি দোতলা না হওয়ায় নতুন ওয়াশব্লক নির্মাণের অনুমোদন মিলছে না। তবে এ ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। কারণ, একই ইউনিয়নের পার্শ্ববর্তী উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা ভবন থাকা সত্ত্বেও সেখানে চার রুমের আধুনিক ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। 

এমন বাস্তবতায় এলাকাবাসীর প্রশ্ন- যদি একতলা ভবনেও ওয়াশব্লক নির্মাণ সম্ভব হয়, তাহলে সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন সেই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত? শুধু প্রশাসনিক জটিলতায় কি কোমলমতি শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে থাকবে?

শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল দ্রুত বিদ্যালয়টিতে একটি মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত ওয়াশব্লক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, শিশুদের সুস্থ ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। 

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খান বলেন, ২০০৮ সালে নির্মিত দুটি টয়লেটের একটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। আরেকটি টয়লেট আমরা ছাত্র-শিক্ষক উভয়েই ব্যবহার করি, কিন্তু সেটিও জরাজীর্ণ। যেকোনো সময় সেটিতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাই জরুরিভিত্তিতে এখানে একটি ওয়াশব্লক নির্মাণ করা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা জানান, আমি স্কুলটি পরিদর্শন করেছি। সেখানে একটি ওয়াশব্লক খুবই জরুরি। সেজন্য আমরা জনস্বাস্থ্য দপ্তরে একটি আবেদন প্রেরণ করেছি। আশা করি খুব শীঘ্রই স্কুলটিতে ওয়াশব্লক নির্মাণ করা হবে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফরিদ হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ সংক্রান্ত একটি আবেদন আমরা পেয়েছি। যত দ্রুত সম্ভব এটি আমরা বাস্তবায়ন করব। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা